চাঁদা না পেয়ে আ.লীগ নেতার নেতৃত্বে হামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের ছয় শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত শ্রমিকদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
ছবি: প্রথম আলো

চাঁদা দাবি করে না পেয়ে এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর হামলাও ওই প্রতিষ্ঠানের দুটি গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বিকেলে মাদীরপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আঙ্গুলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। ওই হামলায় ছয় শ্রমিক আহত হন।

এ ঘটনার পর মাদারীপুর-শিবচর সড়ক সংস্কারের কাজ বন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত সোহেল সলাকার ছিলারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

ঠিকাদারি প্রতিষ্ঠান, পুলিশ ও সওজের একটি সূত্র জানায়, মাদারীপুর-শিবচর সড়কের সাড়ে ১৩ কিলোমিটার অংশ সংস্কারের কাজ পান ওটিবিএল নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ দুপুরে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ঠিকাদারের লোকজন ওই সড়ক সংস্কারের কাজ করতে গেলে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন ইউপি সদস্য সোহেল সলাকার। এ সময় তাঁরা চাঁদা দিতে রাজি না হলে সোহেলের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান এবং দুটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় অন্তত ছয় শ্রমিক আহত হন। হামলার ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ওটিবিএল ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এমদাদুল হক বলেন, ‘আমাদের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন মেম্বার সোহেল ও তাঁর লোকজন। আমরা চাঁদা না দিলে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় হামলায় আমাদের ছয় শ্রমিক আহত হয়েছেন।’

চাঁদা না পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর হামলা ও তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোহেল সলাকার মুঠোফোনে বলেন, ‘আমার ছেলে শাওন ও আমার এক আত্মীয়ের ওপর ঠিকাদারের লোকজন হামলা চালিয়েছেন। তাঁদের গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের আহত করার ঘটনায় আমাদের লোকজন বা আমি জড়িত নই। চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা–ও সত্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষ থেকে দুই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।