চাঁদা না পেয়ে নদীভাঙন রোধ প্রকল্পের কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলায় নদীভাঙন রোধে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠ পরির্দশককে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন বলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের ওই প্রতিষ্ঠানের মাঠ পরির্দশক আসাদুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্র জানায়, বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পাউবোর প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক বাঁধাই এবং ডাম্পিংসহ ১৮টি প্যাকেজের কাজ চলছে। এর মধ্যে প্রায় ৩৫ কোটি টাকার ১৪ ও ১৬ গুচ্ছের কাজ করছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

ভুক্তভোগী আসাদুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার রাতে কর্মস্থলে গিয়ে মো. শামীম, মো. আকরাম ও মো. সবুজসহ চারজন আওয়ামী লীগ কর্মী তাঁকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা আসাদুলকে পেয়ে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন। তা না হলে কাজ বন্ধের হুমকি দেন। তখন তাঁদের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনের আলীগঞ্জ বাজারের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁকে আবার মারধর করা হয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রকৈশলী কামরুল ইসলাম গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ধুলখোলা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি যেমন রটানো হচ্ছে, আসলে তেমন নয়। ওই কোম্পানি বিভিন্ন সময় বহিরাগত সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছে। স্থানীয় কয়েকজন যুবক গিয়ে বহিরাগত সন্ত্রাসীদের টাকা দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় এক যুবক আসাদুলকে থাপ্পড় দিয়েছেন বলে জানতে পেরেছি। আর আলীগঞ্জ বাজারে আমার কার্যালয়ে তুলে এনে আসাদুলকে মারধরের অভিযোগ সত্য নয়।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, চাঁদার দাবিতে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুল ইসলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কয়েকজন কর্মকর্তা বিষয়টি ফোন করে আমাকে জানিয়েছেন। আমি তাঁদের আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছি।’

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।