চাঁদাবাজি বন্ধের দাবিতে মিছিল

চাঁদাবাজি ও টোল আদায় বন্ধের দাবিতে গাইবান্ধা শহরে গতকাল রোববার দুপুরে মিছিল করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। গতকাল বেলা একটার দিকে শহরের শাপলা মিল এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে শতাধিক অটোরিকশাচালক অংশ নেন।
মিছিলের একপর্যায়ে অটোরিকশাচালকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সহসভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মুকুল মোল্লা, কোষাধ্যক্ষ কুদ্দুস মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পৌর এলাকায় ঢুকতেই অটোরিকশাপ্রতি ২০ টাকা টোল আদায় করা হচ্ছে। পাশাপাশি অটোরিকশা মালিক সমিতিকেও অটোরিকশাপ্রতি ১০ টাকা চাঁদা দিতে হচ্ছে। এখন শহরে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সারা দিন অটোরিকশা থেকে যে আয় হয়, তা দিয়ে মালিকের ভাড়া দেওয়ার পর সংসার চলে না। উপরন্তু চাঁদা ও টোল প্রদানে হিমশিম খাচ্ছি। এ নিয়ে প্রায়ই অটোরিকশাচালকদের সঙ্গে হাতাহাতি হচ্ছে। পরে চালকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর বলেন, যেসব অটোরিকশা পৌরসভার রেজিস্ট্রেশনভুক্ত নয়, সেই সব অটোরিকশাচালকেরাই ভিত্তিহীন অভিযোগ এনে আন্দোলন করছেন।