চাঁদাবাজির অভিযোগে ট্রাকে পণ্য পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য পরিবহন নিয়ে স্থবিরতা দেখা দিয়েছে। ট্রাকমালিক, চালক ও সহযোগীদের মারধর এবং চাঁদাবাজির অভিযোগে তিন দিন ধরে জেলা ট্রাক মালিক গ্রুপের ট্রাকে স্থলবন্দরের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এটি অব্যাহত থাকলে বন্দরে রপ্তানির পাশাপাশি আমদানি কাজও বন্ধ হয়ে যাবে। কর্মহীন হয়ে বিপাকে পড়বেন হাজারো শ্রমিক।

জেলা ট্রাক মালিক গ্রুপের ভাষ্য, বন্দরে পরিবহন সিন্ডিকেট গড়ে উঠেছে। চাঁদাবাজি, ট্রাকমালিক, চালক ও সহযোগীদের মারধর করা হচ্ছে। এসব বন্ধ না হলে এই জেলার ট্রাকে পণ্য পরিবহন এবং অন্য জেলার ট্রাকও এই জেলায় ঢুকতে দেওয়া হবে না।
বিষয়টি নিয়ে ৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৮ অক্টোবর থেকে জেলার কোনো ট্রাক দিয়ে আখাউড়া স্থলবন্দরের পণ্য পরিবহন না করা এবং অন্য জেলার ট্রাকও আসতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে জেলার ট্রাকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে জেলার ট্রাক মালিক গ্রুপের ট্রাকের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন করা হয়। এতে সরকারের রাজস্ব বৃদ্ধিসহ দেশের উন্নয়নে ট্রাক মালিক গ্রুপ ভূমিকা রাখছে। সম্প্রতি বন্দরের কুচক্রী প্রভাবশালী মহলের লোকজন ব্যবসার নামে জেলা ট্রাক মালিক গ্রুপের সঙ্গে জড়িত পণ্য পরিবহনের ট্রাক থেকে চাঁদা আদায়সহ হয়রানি করছেন। চাঁদা দিতে না চাইলে ট্রাকের চালক ও সহযোগীকে মারধর করেন তাঁরা। প্রতিবাদ করলে গাড়ি ভাঙচুরসহ হামলা-মামলার ভয় দেখানো হয়। তাঁদের কাছে ট্রাক মালিক, চালক ও সহযোগীরা জিম্মি হয়ে পড়েছেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কথা বলতে আখাউড়া স্থলবন্দরে যান ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ও প্রচার সম্পাদক আবুল কাশেম। সে সময় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন তাঁদের মারতে আসেন।

শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বন্দরের প্রভাবশালী জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন আমাদের মারতে আসেন। চাঁদাবাজি, হয়রানি ও মারধরের বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদসহ ১১ জনের একটি নামের তালিকাও দিয়েছি। বিষয়টির সমাধান এবং ওই ১১ জনকে গ্রেপ্তার না করা পর্যন্ত বন্দরে আমাদের ট্রাকে কোনো পণ্য পরিবহন করা হবে না। প্রতিদিন পুলিশ পাহারায় বন্দরে ট্রাক নিয়ে যাওয়া সম্ভব নয়।’

জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজি মোহাম্মদ মহসীন জানান, ‘চাঁদা না দিলে আমাদের চালকদের মারধর করা হয়। ট্রাক ভাড়া নিয়েও টালবাহানা করা হয়। যে কারণে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে।’

আখাউড়া স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদককে মারতে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি সমাধানে ২৫ অক্টোবর আলোচনায় বসব। তবে জেলার ট্রাকে পণ্য পরিবহন করা না হলে বন্দরে আমদানির কাজ স্থবির হয়ে পড়বে। মঙ্গলবার বন্দরে আগরতলা থেকে ৪০টি পণ্যবাহী ট্রাক এসেছে। কিন্তু বন্দরে থাকা জেলার পাঁচ-ছয়টি ট্রাকে চালক ও সহযোগীরা পণ্য তোলেননি। তিনি আরও বলেন, ট্রাকে পণ্য পরিবহন না করলে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাবেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বন্দরের হাজারো শ্রমিকের কর্মস্থানও বন্ধ হয়ে যাবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আখাউড়া বন্দর দিয়ে পণ্য পরিবহনে জেলার ট্রাক ব্যবহার করা হয়। অন্য জেলা থেকে ট্রাক এনে পণ্য পরিবহন সম্ভব নয়। যদি তারা ট্রাক না দেয়, তাহলে ব্যবসায়িক কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে যাবে।

মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের কোনো দেখাই হয়নি। বন্দরে আসা প্রতি ট্রাক থেকে তারা ৫০ টাকা করে চাঁদা তুলত। উপজেলা শ্রমিক লীগ তা বন্ধ করে দিয়েছে।’ তিনি বলেন, বন্দরে ট্রান্সপোর্টের সঙ্গে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও সম্পৃক্ত ছিলেন। মূলত ট্রান্সপোর্টের বিষয় নিয়ে ঝামেলা চলছে।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ বলেন, ট্রাক মালিকেরা মিথ্যা অভিযোগ করেছেন।