চাঁদাবাজির অভিযোগে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলহাস মোল্লা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লাকে (৪০) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলহাস মোল্লার বিরুদ্ধে ঢাকাগামী পণ্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ ছাড়া দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড যুবলীগের নেতাদের অনাস্থার বিষয়টিও অভিযোগে আনা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে জুলহাস মোল্লা দাবি করেন, অগঠনতান্ত্রিকভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এর আগে এ–সংক্রান্ত সতর্কীকরণ বা কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের ভিশন বাস্তবায়নে জুলহাস মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগ করে কেউ কোনো অন্যায় কাজে জড়িত থাকতে পারবেন না।

তবে জুলহাস মোল্লার ভাষ্য, ‘উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা জলমহালের নামে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। ওই টাকা চাইতে গেলে না দিয়ে টালবাহানা করছেন। আমি যাতে আর টাকা না চাই, এ কারণে তিনি এসব অভিযোগ এনেছেন।’ আর টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে ইউনুস মোল্লার ভাষ্য, বহিষ্কার হলে নানা ধরনের কথা উঠবে, এটাই স্বাভাবিক।