চাঁদাবাজির মামলায় পাংশা উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ও কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির মামলায় উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ফরহাদ হক ও কাউন্সিলর তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পাংশা উপজেলা শহর থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ হকের বাড়ি পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামে। গত বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে ফরহাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এদিকে তাজুল ইসলাম পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এর আগে গতকাল পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। মামলায় তাজুলকে প্রধান আসামিসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

জালাল উদ্দিন বিশ্বাসের ভাষ্য, তিনি জেলা পরিষদ থেকে পাঁচ শতাংশ জমি ইজারা নিয়ে ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ফরহাদ ও তাজুল তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ইতিমধ্যে ২০ হাজার টাকা দিয়েছেন বলে তিনি দাবি করেন। গত ১১ এপ্রিল ফরহাদ ও তাজুলসহ আরও কয়েকজন তাঁর উপজেলা অফিস কক্ষে এসে বাকি টাকা না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তাজুল তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন বলে তিনি মামলায় উল্লেখ করেছেন।

জালাল উদ্দিন বলেন, ওই ঘটনার পরদিন অর্থাৎ গতকাল তিনি অফিস কক্ষে ছিলেন না। এ সুযোগে ফরহাদ, তাজুল ও তাঁদের সহযোগীরা এসে তাঁর কক্ষ দখল করে এবং পুরো কার্যালয়ে ভাঙচুর চালায়।

জানতে চাইলে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও অফিসকক্ষ ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। প্রথমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস মৌখিকভাবে অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি লিখিত অভিযোগ দিলে গতকাল রাতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের রাজবাড়ী আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে টেন্ডার নিয়েও তাঁদের বিরোধ হয়। ফরহাদ ও তাজুলের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।