চাঁদাবাজির মামলায় লাইনম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে চাঁদাবাজির মামলায় গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এক লাইনম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই লাইনম্যানের নাম জুয়েল ইসলাম (৩৬)। শহরের নয়ারহাট এলাকার মোস্তাক আহমেদ গত মঙ্গলবার রাতে জুয়েলের বিরুদ্ধে সদর থানায় ওই মামলা করেন।
পৌর এলাকার ১৫ গ্রাহক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই লাইনম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নয়ারহাট এলাকার জোবেদ আলীর বাড়িতে গিয়ে নিজেকে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বলে পরিচয় দেন জুয়েল। ওই বাড়ির বৈদ্যুতিক মিটারের লক খোলা আছে এ কথা বলে তিনি ২০ হাজার টাকা চান। তা না হলে বিদ্যুৎ আইনে মামলা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকেন। জোবেদের স্ত্রী তনু বেগম তাঁর আত্মীয় মোস্তাক আহমেদকে ঘটনাটি জানান। মোস্তাক মুঠোফোনে লালমনিরহাট বিউবো কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তাকে জোবেদের বাড়িতে পাঠানো হয়নি। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম আরাফাত হোসেন পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা জুয়েলকে হাতেনাতে ধরেন। পরে আদালত সদর থানার ওসিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে চাঁদা দাবির অভিযোগে জুয়েলের বিরুদ্ধে মামলা করেন মোস্তাক। জুয়েলকে গতকাল আদালতে হাজির করা হলে তঁাকে কারাগারে পাঠানো হয়।