চাঁদাবাজির সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে যায় দোকানে, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বিপণিবিতানের দোকানে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলাে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চাঁদাবাজির সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মার্কেটের দুটি দোকানে ঢুকে যায়। এতে আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সওজ সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন খোকন, কামাল, গোলাপ, হৃদয় ও লালন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিক সংগঠনের নামে কয়েকজন ব্যক্তি নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক থেকে কিছুটা উত্তরে গতিরোধকের পাশে পরিবহন থামিয়ে চাঁদা আদায় করছিলেন। সেখানে এক তরুণ ট্রাকটি থামানোর নির্দেশ দেন। কিন্তু চাঁদা না দিয়ে চালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বিপণিবিতানের দুটি দোকানে ঢুকে পড়ে। এতে একজন চাঁদা আদায়কারী ও চারজন পরিবহনশ্রমিক আহত হয়েছেন।

নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, মহাসড়কে চলমান যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, পৌরসভার কুপন দেখিয়ে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এখানে পুলিশের কী করার আছে। তবু তিনি বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে কথা বলবেন।

পৌরসভার স্ট্যান্ড থেকে ইজারা উত্তোলন করে থাকেন মো. ফরহাদ। তিনি বলেন, ‘আমাদের লোকজন মহাসড়কে চলাচলরত যানবাহন থামান না। এসব শ্রমিক সংগঠনের কাজ।’ তবে তিনি তাঁদের বিষয়ে কিছু বলতে পারবেন না।

পৌরসভার কুপন দেখিয়ে চাঁদা আদায়ের বিষয়টি জানতে চাইলে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, নান্দাইল শহরের পুরোনো বাসস্ট্যান্ড, বালিকা বিদ্যালয় ও পুরান বাজারের খাদ্যগুদামের কাছে পৌরসভার ইজারাভুক্ত তিনটি স্ট্যান্ড রয়েছে। সেখানে স্ট্যান্ডকেন্দ্রিক ইজিবাইক, ভ্যান, পিকআপ ভ্যান থেকে ইজারা উত্তোলন করা হয়। মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে পৌরসভার নামে কেউ চাঁদা উত্তোলন করে না। প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পৌরসভার কোনো আপত্তি থাকবে না।