চাঁদার দাবিতে ছাত্রলীগ কর্মীদের অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে চাঁদার দাবিতে অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সের কিছু চালক ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদার দাবিতে অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ করেন।

অ্যাম্বুলেন্সচালকদের অভিযোগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীরা মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সগুলোর চালকদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে বেলা ১১টা থেকে কয়েক ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে দেন ছাত্রলীগের কর্মীরা। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া রোগীর স্বজনেরা দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক আফতাব উদ্দিনকে প্রধান করে ছাত্রলীগের বিরুদ্ধে করা চাঁদা দাবির অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী অ্যাম্বুলেন্সচালকদের এ ধরনের অভিযোগকে বানোয়াট বলেছেন। ছাত্রলীগ পাল্টা অ্যাম্বুলেন্সচালকদের বিরুদ্ধে মেডিকেল কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ করেছে।

অ্যাম্বুলেন্সচালকদের অভিযোগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীরা মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সগুলোর চালকদের কাছে চাঁদা দাবি করেন।

ছাত্রলীগ সূত্র আরও জানায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ৩০ থেকে ৪০টি অ্যাম্বুলেন্স কলেজের ফটক ঘিরে দাঁড় করিয়ে রেখে চালকেরা কলেজগেটের সামনে আড্ডা দেন। গত সোমবার রাতে হাসপাতালের দায়িত্ব পালন করে ফেরার সময় দুজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত করেন কয়েকজন অ্যাম্বুলেন্সচালক। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী অ্যাম্বুলেন্সচালক ও চালকের সহকারীদের কলেজের ফটকের সামনে একসঙ্গে পাঁচটার বেশি অ্যাম্বুলেন্স না রাখতে বলেন। এ নিয়ে চালকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এরপর থেকে চালকেরা নিজেরাই অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্স রাখা ও আড্ডাবাজির প্রতিবাদ করায় চালকেরা ইচ্ছা করে রোগী ও লাশ নেওয়া বন্ধ করে দিয়ে সংকট তৈরি করে আমাদের ওপর চাঁদা দাবির অপবাদ দিচ্ছেন। চাঁদার দাবির অভিযোগটি বানোয়াট।’

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তের জন্য আমরা তিন সদস্যের একটি কমিটি করেছি গতকাল বুধবার। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন দেবে। এ ছাড়া ছাত্রলীগ অ্যাম্বুলেন্সচালকদের বিরুদ্ধে মেডিকেল কলেজের ছাত্রী ও নারী ইন্টার্ন চিকিৎসকদের উত্ত্যক্ত করার অভিযোগ জানিয়েছে। ওই অভিযোগও আমরা তদন্ত করে দেখব।’