চাঁপাইনবাবগঞ্জ শহরের রাস্তা ফাঁকা, বাইরে মানুষ ও যান চলাচল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে চলছে অষ্টম দিনের লকডাউন। যানবাহন চলাচল না করায় শহরের মূল সড়কগুলো প্রায় ফাঁকাই ছিল। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়
আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন আজ মঙ্গলবার। প্রথম দফার হিসাব ধরে জেলাব্যাপী লকডাউনের আজ অষ্টম দিন। এদিনে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের রাস্তাঘাট আগের মতোই ফাঁকা দেখা গেছে। জেলার প্রবেশপথগুলোতে পুলিশের কড়া তৎপরতা রয়েছে।

তবে শহরের বাইরে মফস্বল এলাকা ও মহানন্দা নদীর ওপারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে আগের তুলনায় রিকশা-অটোরিকশার চলাচল বেড়েছে।

শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজারে দেখা গেছে প্রায় স্বাভাবিক দিনের মতো অবস্থা। লোকজনের উপস্থিতি ছিল বেশি। রাস্তার ধারে ছোটখাটো দোকানপাট খোলা ছিল। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেতরের বিভিন্ন রাস্তাগুলোতে ও ছোট ছোট বাজারগুলোতেও রিকশা-অটোরিকশা ও লোকজনের চলাচল বেড়েছে।

এ প্রসঙ্গে বারঘরিয়া তল্লাশিচৌকির এক পুলিশ সদস্য বলেন, দ্বিতীয় ধাপের লকডাউনের কথা অনেকেই জানেন না। অনেকেই মনে করেছেন, সাত দিনের লকডাউন শেষ হয়ে গেছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় আজ চলাচল একটু বেশি।

জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার জেলাব্যাপী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৮ জনের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। তবে গতকাল করোনায় পাঁচজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেলেন ৩৭ জন।

সিভিল সার্জন বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে গতকাল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ একটি দল বন্দরের ১০০ শ্রমিকের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে। এতে মাত্র একজনের করোনা শনাক্ত হয়। বন্দরে শনাক্তের এই হার কিছুটা হলেও স্বস্তিদায়ক।

সোনামসজিদ স্থলবন্দরের পানামার বন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাকচালকেরা চলাফেরা করছেন। তাঁদের কাছ থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে, এমন খবর শোনা যাচ্ছিল বাইরে। গতকালের ফলাফল আশাবাদী করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের মধ্যে করোনা পরীক্ষার এই ফলাফল আমাদের কাছে স্বস্তির খবর। কেন না এই বন্দরে ভারত থেকে আসা ট্রাকচালক ও তাঁদের সহকারীরা চলাচল করেন। এখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছিল। বিভিন্ন গণমাধ্যমে তা প্রচারও করা হয়েছে। এখন করোনার এই ফলাফল আমাদের আশাবাদী করেছে।’

চাঁপাইনবাবগঞ্জে পাঁচজনের মৃত্যুর বাইরে গত ৪৮ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা গেছেন বলে জানান হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে চলছে অষ্টম দিনের লকডাউন। শহরের মূল সড়কগুলোতে যানবাহন চলাচল না করায় মানুষজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। শহরের শেষ প্রান্তে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে
প্রথম আলো

ঈদের পর থেকেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছিল। লকডাউন ঘোষণার আগে এক সপ্তাহে সংক্রমণের হার ছিল প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীর বেশির ভাগই সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৪ মে দুপুরে করোনা প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলাব্যাপী সাত দিনের লকডাউনের ঘোষণা দেন। ২৪ মে রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া এ লকডাউন গতকাল রাতে শেষ হয়। গতকাল লকডাউনের শেষ দিনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে আবারও সাত দিনের লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক। এটি ৭ জুন পর্যন্ত চলবে।