চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২–এর বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। আদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মিলন সিংহ ভারতের মালদহ জেলার বৈষ্ণমনগর সুখদেবপুর গ্রামের রতন সিংহের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ক্যাপড়াটোলা গ্রামে অভিযান চালিয়ে মিলন সিংহকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৭টি বিদেশি পিস্তল, ৪৭টি গুলি ও ১৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‍্যাবের উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ২০১৮ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ সেই মামলায় শুনানি শেষে আদালত আসামি মিলন সিংহকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।