চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহা. জাকারিয়া
প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জাকারিয়া। তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে তাঁর নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ দুই স্বতন্ত্র প্রার্থী তাঁকে প্রতিনিয়ত হুমকিধমকি দিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদে তিনি নির্বাচন বর্জন করলেন। আজ বুধবার বেলা একটার দিকে ইউনিয়নের কাটরি পাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

জাকারিয়া বলেন, তাঁর নির্বাচনী এজেন্টদের ছয়টি ভোটকেন্দ্রে ঢুকতে দেননি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহমত আলী (আনারস প্রতীক) ও হাবিবুর রহমানের (চশমা) কর্মীরা। তাঁদের হুমকি-ধমকিতে জীবনের নিরাপত্তা নিয়ে তিনি (জাকারিয়া) আতঙ্কে আছেন। বিষয়টি তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়ক্কিল রহমান বলেন, সকাল ৯টার দিকে অভিযোগ শুনে তিনি ওই ইউপির আলতানূর হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে নৌকার কোনো এজেন্ট দেখতে পাননি। সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা জানান, নৌকার কোনো এজেন্টই দেওয়া হয়নি তাঁর কেন্দ্রে। ফোনে নৌকার প্রার্থীকে এজেন্ট পাঠানোর কথা বলা হলে তিনি বলেন, এখন আর এজেন্ট পাবেন কোথায়? রামচন্দ্রপুর হাট সরকারি প্রাথমিক কেন্দ্র ও কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েও নৌকার প্রার্থীর কোনো এজেন্ট দেখতে পাওয়া যায়নি।

স্থানীয় ব্যক্তিরা বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহমত আলী বিএনপি ও হাবিবুর রহমান জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।

নৌকার প্রার্থীর অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বলেন, সরকারি দলের প্রার্থীর এমন অভিযোগ ঠিক নয়। তাঁর এ কথা কেউ বিশ্বাস করবে না। ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে রহমত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।