চাঁপাইনবাবগঞ্জে করোনা ওয়ার্ডে রোগীর চাপ কমেনি, কমেছে সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তির জন্য চাপ কমেনি। আজ বুধবার পাঁচ রোগী সুস্থ হয়ে ওয়ার্ড ছাড়ার সঙ্গে সঙ্গেই সেসব শয্যা ভর্তি হয়ে গেছে। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন, এমন ১৫ রোগীকে এখনই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা দরকার বলে জানিয়েছেন করোনা ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ও তথ্য কর্মকর্তা আহনাব শাহরিয়ার।

আহনাব শাহরিয়ার বলেন, আজ সকালে হাসপাতালে পৌর এলাকার আলীনগর মহল্লার মো. আওয়াল (৭০) নামের এক রোগী মারা গেছেন। তিনি গত রোববার করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো ফলাফল আসেনি।

এদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো তথ্যে জেলায় সংক্রমণের হার কিছুটা কমেছে বলে দেখা গেছে। এদিন করোনা শনাক্তের হার হয়েছে ১৬ দশমিক ১৭ শতাংশ। তবে আরটি-পিসিআরে পরীক্ষার পরিমাণ এদিন খুবই কম ছিল, মাত্র দুজন। তাঁদের একজন পজিটিভ হয়েছেন। আর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৯৬ জনের মধ্যে ৬৩ জনের করোনা পজিটিভ এসেছে। জিন এক্সপার্ট টেস্টে চারজনের মধ্যে একজন পজিটিভ শনাক্ত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের একপ্রান্তে আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের আমের বাজার। বুধবার সকাল নয়টার দিকে
প্রথম আলো

গত সোমবার বিশেষ লকডাউন প্রত্যাহারের পর বিশেষ বিধিনিষেধ চলছে চাঁপাইনবাবগঞ্জে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বিপণিবিতান, বড় আমের বাজারগুলো বসবে না, স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে, এমন ১১ দফা নির্দেশনা দিয়ে ৭ জুন বিশেষ বিধিনিষেধের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের সামনে স্থানান্তরিত আমের বাজারে আসা আমের পরিমাণ বেড়েছে। বেড়েছে কিছুটা দামও। আজ ক্ষীরশাপাতি আম বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা মন দরে। মার্কেটগুলোতেও মানুষজনের সমাগম বেড়েছে।

এসিআইয়ের সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ ধরণের ওষুধ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে
প্রথম আলো

এদিকে ২৫০ শয্যার জেলা হাসপাতালে করোনা রোগীদের জন্য আজ ১ লাখ ৭২ হাজার টাকার ৯ ধরনের ওষুধ দিয়েছেন এসিআই অ্যাগ্রো বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মুমিনুল ইসলাম, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার, বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, বিএমএর সভাপতি দুররুল হোদা প্রমুখ।