চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-বটতলাহাট মহল্লার মেসবাউল হক (৪০), আবদুর রহমান (৫৫) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে ফারজানা খাতুন (১৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ঝড়-বৃষ্টির সময় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় মেসবাউল হকের আমবাগানের একটি টিনের চালায় বজ্রপাত হলে ওই চালার নিচে থাকা মেসবাউল হক ও আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেছেন।
অন্যদিকে নাচোল উপজেলার ফতেপুর গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানা বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির বাইরে হাঁস আনতে যায়। হাঁস নিয়ে ফেরার সময় বিকেল পাঁচটার দিকে বজ্রপাত হলে বাড়ির বাইরে আহত হয়ে অচেতন হয়ে পড়ে যায় সে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।