চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগান বস্তি মহল্লায় আজ বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিমু খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার রাজীব শেখের স্ত্রী।
রাজীব শেখ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সিমু খাতুন তাঁর ১২ ও ৭ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে বস্তির একটি বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী রাজীব শেখ শিবগঞ্জ মৌচাক হোটেলে চাকরি করেন। বুধবার ভোররাত তিনটার দিকে সেহ্রির জন্য ভাত-তরকারি রান্না শেষে সিমু খাতুন ঘরে গিয়ে বাইরের বৈদ্যুতিক বাতির প্লাগ টানতে যান। এ সময় প্লাগের লুজ কানেকশন থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে তাঁর দুই শিশুসন্তান চিৎকার শুরু করে।
চিৎকার শুনে প্রতিবেশীরা এসে জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিমু খাতুনকে উদ্ধার করে ভোররাত চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে মসজিদপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।