চাঁপাইনবাবগঞ্জে বিশেষ বিধিনিষেধ বাড়ল আরও সাত দিন
করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ বিধিনিষেধ বাড়ল আরও সাত দিন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিধিনিষেধের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ধিত এ বিধিনিষেধ বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় সংক্রমণ না কমায় বিশেষ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা হচ্ছে শনাক্তের ১০ শতাংশ। কিন্তু এখনো প্রতিদিনই শনাক্ত থাকছে ২০ থেকে ২২ শতাংশ, অর্থাৎ প্রায় দ্বিগুণ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ধিত এ বিধিনিষেধ বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে।
গত ঈদের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের ঊর্ধ্বগতি চলছিল। লকডাউন ঘোষণার আগের এক সপ্তাহে শনাক্ত ছিল প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীর বেশির ভাগই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জের। বিভিন্ন সীমান্তপথে অবৈধ চলাচলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে গত ২৪ মে দুপুরে করোনা প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভা শেষে ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলাব্যাপী সাত দিনের লকডাউনের ঘোষণা দেন। ২৪ মে রাত ১২টা ১ মিনিট থেকে প্রথম দফা লকডাউন শুরু হয়। সাত দিন পর দ্বিতীয় দফায় ৭ জুন পর্যন্ত আরও সাত দিন লকডাউন ঘোষণা করা হয়। এ সময় সংক্রমণ কমে যাওয়ায় দ্বিতীয় দফার লকডাউন শেষে ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ দেওয়া হয়। বিধিনিষেধ বাড়িয়ে এখন ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।
চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার কমলেও মৃত্যু বেড়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৯৬ জন। এর মধ্যে গত বছর করোনায় মারা যান ১৬ জন। এ বছর দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ৮০ জন।