চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য উদ্বোধন করা হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে বিকেল ৪টায় নয় মণ আম নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আম পরিবহনে প্রতি কেজির জন্য ভাড়া দিতে হবে ১ টাকা ৩০ পয়সা। ট্রেনটি প্রতিদিন বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। সপ্তাহের সাত দিনই চলবে। এতে পাঁচটি ওয়াগন যুক্ত থাকছে। এ ট্রেনে আম, শাকসবজিসহ যেকোনো ধরনের পার্সেল বহন করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ সামিল উদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মণ্ডল, সহসভাপতি সাবেক সাংসদ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল ওদুদ প্রমুখ।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর (পশ্চিম অঞ্চল) আবদুল আওয়াল বলেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে বেলা দুইটায় ট্রেনটি ছাড়বে। এরপর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে পৌঁছাবে বেলা সাড়ে তিনটায়। এখানে পণ্য উঠিয়ে বিকেল চারটায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। রাজশাহী থেকে সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার উদ্দেশে ছাড়বে।