চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দশম দিন, সংক্রমণ সামান্য কমেছে
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দশম দিন আজ বৃহস্পতিবার। এদিন পৌর এলাকাসহ শহরের বিভিন্ন রাস্তায় মানুষজন, মোটরসাইকেল ও রিকশা-অটোরিকশার চলাচল দেখা গেছে। তবে করোনা শনাক্তের হার সামান্য কিছু কমেছে।
গতকাল বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, ২২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪২ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন মঙ্গলবার জেলায় ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ। গত ঈদের পর থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি চলছিল। লকডাউন ঘোষণার আগে এক সপ্তাহে সংক্রমণের গড় হার ছিল প্রায় ৫৯ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, আরটি-পিসিআর ল্যাবে পাঠানো ১৪৮টির মধ্যে ৭৪টি করোনা পজিটিভ, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় ৭১টি নমুনার মধ্যে ১৮টি করোনা পজিটিভ এবং জিন এক্সপার্ট পরীক্ষায় ১০টি নমুনার মধ্যে ৬টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরে বাতেন খাঁর মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, হাসপাতাল মোড়, পৌর এলাকার বটতলা হাট, চাঁদলাই, নয়নশুকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও রিকশা-অটোরিকশায় মানুষের চলাচল বেড়েছে। পুরাতন বাজারে অনেক মানুষকে ভিড় ঠেলেই বাজার করতে দেখা যায়। অনেকের মুখেই মাস্ক ছিল না। কোনো কোনো মোড়ে পুলিশের তৎপরতা দেখা যায়। পুলিশের উপস্থিতিতে যান চলাচল কম হলেও পুলিশ যাওয়ার পর আবারও একই অবস্থায় ফিরে যায়। পুলিশ থাকাকালীন মোটরসাইকেলের চালকদের পড়তে হয় জেরার মুখে।
বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড় দেখা যায়। চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের লাইনে ছিল না সামাজিক দূরত্ব। বহির্বিভাগের দুজন কর্তব্যরত চিকিৎসক বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে অধিকাংশই জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এসেছেন। স্বাস্থ্যবিধি মেনেই তাঁদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাদিম সরকার বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অধিকাংশেরই করোনার উপসর্গ রয়েছে। আজ করোনা ওয়ার্ডে শয্যা খালি না থাকায় রোগীদের সেখানে ভর্তি করা যায়নি। তবে কাল শুক্রবার সকাল থেকে করোনা ওয়ার্ডে ১০টি শয্যাসংখ্যা বাড়িয়ে ৩০ করা হবে।
শহরের হাসপাতাল সড়কের পাশে আমবাজারে দেখা যায়, আমবাজার জমে উঠতে শুরু করেছে। আমও এসেছে ভালো ভালো। বেচা-কেনা চলছে মোটামুটি বলে জানান ব্যবসায়ীরা। আম ব্যবসায়ী সুকুমার প্রামাণিক বলেন, আমের আমদানি ও বেচা-বিক্রি বেড়েছে। রাতেও আমের ঝুড়ি বাঁধাইয়ের কাজ করছেন শ্রমিকেরা।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীর বেশির ভাগই সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার। বিভিন্ন সীমান্ত পথে অবৈধ চলাচলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে গত ২৪ মে দুপুরে করোনা প্রতিরোধে জেলা কমিটির জরুরি সভা শেষে ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলাব্যাপী সাত দিনের লকডাউনের ঘোষণা দেন। ২৪ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে লকডাউন শুরু হয়। গত সোমবার লকডাউনের শেষ দিনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে আবারও সাত দিনের লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক। এ লকডাউন ৭ জুন পর্যন্ত চলবে।