চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের আনাগোনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের পাশে আম বাজারে ক্রেতা-বিক্রেতার আনাগোনা কম। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তোলা
ছবি: আনোয়ার হোসেন

করোনার সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ বুধবার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হয়নি। এ কারণে শহরের রাস্তা ও বাজারে মানুষের আনাগোনা কম দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে চলছে পুলিশি তৎপরতা।

আজ সকাল সাড়ে আটটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতা খুবই কম চোখে পড়ে। কথা হলো সবজিবিক্রেতা মাইনুল ইসলাম, একরামুল হক ও আবদুস সালামের সঙ্গে। তাঁরা জানান, আগে ক্রেতাদের ভিড়ে গমগম করত। কিন্তু দুদিন থেকে উপস্থিতি খুবই কম।

আমবিক্রেতা সুকুমার প্রামাণিক বলেন, বাইরের বাগানগুলো থেকে আম এসেছে মাত্র ছয় থেকে সাত ভ্যান। অথচ এ বাজারে আমভর্তি শতাধিক ভ্যান আসার কথা। বাজারে আমের আমদানি কম বলে গোপালভোগ আম দুই হাজার টাকা মণ দরে বিক্রি করতে পেরেছেন তিনি।

সকাল নয়টার দিকে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, মানুষের আনাগোনা কম, খাঁ খাঁ করছিল হাসপাতাল চত্বর। এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২১২ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬১ দশমিক ৭৯।

আজ বুধবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনের চিত্র
ছবি: প্রথম আলো

জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী প্রথম আলোকে বলেন, সংক্রমণের এ হার উদ্বেগজনক। কঠোরভাবে লকডাউন কার্যকর করা না গেলে সংক্রমণের হার কমবে না। এ দুঃসময়ে জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিয়াকত আলী শেখ বলেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তিনি রাস্তায় নেমেছেন। ভ্রাম্যমাণ আদালতের আটটি দল জেলার বিভিন্ন স্থানে কাজ করছে। কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের চেষ্টা চলছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা এলাকায় ডিবি পুলিশকে মাইক্রোবাসে করে টহল দিতে দেখা যায়। এ সময় পোল্লাডাঙ্গা এলাকায় মোটরসাইকেল, রিকশা, অটোরিকশার চাকা ফুটো করে ডিবি পুলিশ। রাস্তার পাশে থাকা বন্ধ খাবারের দোকানগুলোর চুলা ভেঙে দেওয়া হয়েছে।

লকডাউনের ১১ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।