চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার কমলেও স্বস্তির কারণ নেই: সিভিল সার্জন
চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী শনাক্তের হার কমলেও স্বস্তির কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন বলেন, গতকাল শনিবার রাতে পাওয়া ফলাফল থেকে জানা যায়, আরটি পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৪১ জনের মধ্যে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৯৬। কিন্তু এতে কোনো স্বস্তির কারণ নেই। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের যে সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে, তাঁরা কখনো সীমান্তের দিকে যাননি। এটি সামাজিক সংক্রমণের ফল।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলায় ২৯ মে পর্যন্ত মোট সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ৭২৭। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। মারা গেছেন ৩২ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এ ছাড়া ভর্তি ২০৯ জন রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন।
জেলায় করোনা সংক্রমণ রোধের জন্য জেলা প্রশাসনের দেওয়া সাত দিনব্যাপী লকডাউনের আজ ষষ্ঠ দিন। জনসাধারণকে লকডাউন মেনে চলতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা শহরের প্রবেশপথগুলোর তল্লাশিচৌকিতে কড়া অবস্থান পুলিশের। শহরের রাস্তাঘাটে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মানুষের চলাচলও ছিল খুব কম। শহরের দিকে আসা মোটরসাইকেলচালকদেরও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পথচারীদের পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। খাদ্যদ্রব্যের দোকান ছাড়া প্রায় সব দোকান ছিল বন্ধ। তবে পৌর এলাকার চাঁদলাই গ্রামের জোড়বাগান ও বড় মসজিদ মোড় এলাকায় মানুষের মধ্যে লকডাউন মেনে চলতে খুব একটা উৎসাহ দেখা যায়নি।
উল্লেখ্য, ঈদের পর থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি চলছিল। লকডাউন ঘোষণার আগে এক সপ্তাহে সংক্রমণের হার ছিল প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীর বেশির ভাগই সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার। বিভিন্ন সীমান্তপথে অবৈধ চলাচলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২৪ মে দুপুরে করোনা প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ লকডাউনের ঘোষণা দেন।