২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার ছয় জেলা থেকে জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের গুলিতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ এবং ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। দিনাজপুরে চারটি ককটেলসহ গ্রেপ্তার করার পর শিবিরের আট নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নওগাঁর আত্রাইয়ে ১২টি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে তিনজনকে। আর কক্সবাজারের পেকুয়া উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের আমির আবুল কালাম আজাদকে।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৭তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হন ১২১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২০টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৫৫টি।
চাঁপাইনবাবগঞ্জে শিবির কর্মী গুলিবিদ্ধ: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তূজা জানান, শিবির কর্মী আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি জীবনসহ আরও কয়েকজনের শিবতলার একটি গলিতে জড়ো হওয়ার খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়েন তাঁরা। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল বাসেদুজ্জামান আহত হন। এরপর পুলিশ শটগানের চারটি গুলি ছোড়ে। এতে জীবন ডান পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থল থেকে জীবন, সোহেল রানা (২২) ও তাঁর ভাই জুয়েলকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। সোহেল ও জুয়েল শিবির কর্মী এবং আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি।
ওসি আরও জানান, গুলিবিদ্ধ জীবনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শিবির কর্মী আরিফুল ইসলামকে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি-সংলগ্ন রেহাইচরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
আট শিবির কর্মীকে কারাদণ্ড: দিনাজপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদওয়ানুর রহিম জানান, সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি এলাকার বিভিন্ন ইউনিয়নে সাংগঠনিক সভা শেষে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন শিবির কর্মীরা। সকাল ১০টার দিকে শহরে ঢোকার সময় পুলহাট এলাকার মালিগ্রাম লিংক রোড থেকে আটকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে চারটি তাজা ককটেল ও দুটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চারজন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা হলেন কৃষি অনুষদ শেষ বর্ষের মো. নুরুল হুদা (২৩), মো. মোস্তাফিজুর রহমান (২৩), বিবিএ অনুষদের দ্বিতীয় বর্ষের মো. আবুল কালাম (২০) এবং ভেটেরিনারি অনুষদের শেষ বর্ষের ছাত্র মো. ফজলে রাব্বি (২৫)। বাকি চারজন হলেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি সম্মান শ্রেণির শেষ বর্ষের ছাত্র মো. নাসির উদ্দিন (২৫), দিনাজপুর কেবিএম কলেজের বিবিএ শেষ বর্ষের ছাত্র মো. শামসুজ্জামান (২৮), দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের ছাত্র মো. আবুল কাশেম এবং শহরের মোড় এলাকার বেসরকারি বেস্ট কেয়ার হাসপাতালের অভ্যর্থনা কর্মকর্তা মো. একরামুল হক (২৫)।
দিনাজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক মো. বজলুর রশিদ জানান, বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী হাকিম মাশফাকুর রহমান গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল কালাম ও ফজলে রাব্বীকে ছয় মাস, একরামুল হক ও নুরুল হুদাকে তিন মাস এবং বাকি চারজনকে চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্রাইয়ে পেট্রলবোমাসহ আটক ৩: আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, পুলিশের একটি দল গতকাল ভোরে জাতআমরুল জিয়ানীপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোয়ালঘরের সামনে থেকে ১২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রামের সাইদুল ইসলাম (২২), বাবুল হোসেন (৩৫) ও বদর উদ্দিনকে (৫০) আটক করে পুলিশ।
গ্রেপ্তার আরও ৩৮: সাতক্ষীরায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির তিনজন ও জামায়াত-শিবিরের পাঁচজন কর্মী রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের আমির ও মেহেরনামা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার সবুজ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ওসি আবদুর রকিব জানান, আবুল কালামের বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিউর রহমানকে বিকেলে উপজেলার শরিষপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ জানুয়ারি উপজেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার এসআই আবু সাঈদ।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]