চাকরি দেওয়ার নামে টাকা লেনদেন, কুয়েট কর্মকর্তার স্ত্রী অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক কর্মকর্তার স্ত্রীকে অবরুদ্ধ করেছিলেন ‘ভুক্তভোগীরা’। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুলনা নগরের তেলিগাতী মধ্যপাড়া মসজিদের কাছে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে আড়ংঘাটা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবরুদ্ধ দিলারা জাহানের স্বামী এস এম সাইফুল্লাহ কুয়েট উপাচার্যের দপ্তরের ফাইন্যান্স কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তিনি উপাচার্যের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্বে ছিলেন। তবে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠার পর তাঁকে পিএস পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তেলিগাতী মধ্যপাড়ায় যে বাড়িতে ওই নারীকে আটকে রাখা হয়েছিল, সেটি কুয়েটের চাকরিচ্যুত মাস্টাররোল কর্মচারী হোসনে আরার বাড়ি। হোসনে আরা অভিযোগ করেন, তাঁর স্বামী জালাল ফকির নিজের চাকরির জন্য ১৬ লাখ টাকা দিয়েছেন। পাওনা টাকা পেলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে আর্থিক লেনদেন–সম্পর্কিত কোনো কাগজ হোসনে আরা দেখাতে পারেননি।

এসব অভিযোগের বিষয়ে এস এম সাইফুল্লাহ বলেন, তাঁর স্ত্রী ছয় বছরের মেয়ে নাহিদাকে মহাশিবরা কালীবাড়ি এলাকায় হামের টিকা দিতে নিয়ে যান। পথিমধ্যে কিছু লোক তাঁকে ধরে নিয়ে তেলিগাতী এলাকায় একটি বাড়িতে আটকে রেখেছেন বলে শোনেন। তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থতার সুযোগ নিয়ে কেউ কেউ তাঁকে আর্থিকভাবে প্ররোচনার মাধ্যমে এসব কাজে ব্যবহার করছে, যাতে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন। এ বিষয়ে গত সেপ্টেম্বরে খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।

এ বিষয়ে জানতে কুয়েট উপাচার্য কাজী সাজ্জাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মনোজ মজুমদার বলেন, এ সম্পর্কিত কোনো লিখিত অভিযোগ এখনো আসেনি। অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আটকে রাখার মৌখিক অভিযোগ পেয়ে সন্ধ্যার পর পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।