অননুমোদিত ছুটি নিয়ে বিদেশে অবস্থান করায় বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত ৫২ জন শিক্ষক এখনও ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৭১ টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফেরত দেননি।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষকের কাছে টাকা পায়, তাঁদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) দেওয়া আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত বা পদত্যাগ করা এই সাবেক শিক্ষকদের বারবার চিঠি দিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য টাকা পরিশোধ করছেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’
তালিকায় দেখা যায়, ওই শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকার পরিমাণের মধ্যে রয়েছে ১৯ হাজার ১১০ টাকা থেকে শুরু করে ৩৮ লাখ ১২ হাজার ২৪৪ টাকা পর্যন্ত।
তালিকার শীর্ষে আছেন বাংলা বিভাগের আমিনুর রহমান। তাঁর কাছে বিশ্ববিদ্যালয় পাবে ৩৮ লাখ ১২ হাজা ২৪৪ টাকা। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের শেখ মোহাম্মদ আলীর কাছে ৩০ লাখ ৪৪ হাজার ১৮২ টাকা, রাষ্ট্রবিজ্ঞানের মাহমুদুর রহমান ভূঞার কাছে ২৩ লাখ ১৪ হাজার ৯২৫ টাকা পাওনা। ১৫ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা পাওনা আছে ফলিত রসায়ন বিভাগের আমিনুল ইসলাম মল্লিকের কাছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আরিফুর রহমানের কাছে ১৪ লাখ ২১ হাজার ১০৩ টাকা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোক্তার হোসেনের কাছে ১১ লাখ ৫৫ হাজার ৬০৫ টাকা পাওনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের।