চাকরিতে আছেন বাবুল আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার চাকরিতে বহাল আছেন। তবে তিনি অফিসে আসছেন না।

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পুলিশের অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শহীদুল হক।

গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। ২৪ জুন রাতে খিলগাঁও নওয়াপাড়ার শ্বশুরবাড়ি থেকে বাবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয় তাঁকে। স্ত্রী খুন হওয়ার পর থেকে তিনি সেখানেই আছেন। এরপর থেকে তিনি অফিস করছেন না। ফলে তিনি চাকরিতে আছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে আইজিপি বলেন, ‘শুনেছি, বাবুল আক্তার মানসিকভাবে বিষণ্নতায় ভুগছেন। চাকরি করার মতো মানসিক অবস্থা তাঁর নেই। কারও সঙ্গে যোগাযোগ করেন না। অফিসেও আসেন না। তিনি দীর্ঘদিন অনুপস্থিত থাকলে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে দাবি করে আইজিপি বলেন, প্রধান আসামি মুছাকে গ্রেপ্তার করা গেলে পুরো বিষয়টি আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শপিং মলে জঙ্গি হামলার যে আশঙ্কার কথা শোনা যাচ্ছে, তা গুজব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন আইজিপি শহীদুল হক। তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের গুজব রটাচ্ছে।

ফেনীতে আইজিপি: ফেনী অফিস জানায়, গতকাল দুপুরে ফেনী জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি শহীদুল হক। সমাবেশে তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে। রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।

শহরের মিজান ময়দানে আয়োজিত সমাবেশে শহীদুল হক বলেন, ‘আমরা বিভিন্ন দল ও মতের সমর্থক হতে পারি, কিন্তু দেশ আমাদের সকলের। এখানে জঙ্গি হামলা হলে কেউ নিরাপদ থাকতে পারবে না।’

পুলিশ সুপার মো. রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের (সদর) সাংসদ নিজাম উদ্দিন হাজারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। জেলা প্রশাসনের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত জেলা হাকিম দেবময় দেওয়ান।