চাকরির খোঁজে গিয়ে লাশ হলেন রাবেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার এক প্রবাসীর বাড়ির সেফটিক ট্যাংক থেকে আজ রোববার ভোরে রাবেয়া খাতুন (২৫) নামের এক নারীর গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাবেয়া খাতুন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণ এলাকার বারেক মিয়ার স্ত্রী। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তিনি স্বামীর সঙ্গে প্রায় এক মাস আগে চাকরি খোঁজে গাজীপুরে গিয়েছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, প্রায় এক মাস আগে গ্রামের বাড়ি থেকে স্বামী-স্ত্রী চাকরির সন্ধানে গাজীপুর আসেন। একাধিক কারখানায় কয়েক দিন চাকরিও করেছেন তাঁরা। কিন্তু ভালো চাকরির খোঁজে এক সপ্তাহ আগে কোনাবাড়ী এলাকায় এক ভাড়া বাড়িতে স্ত্রীকে রেখে বাইরে যান তাঁর স্বামী বারেক। বাইরে থেকে ফিরে গিয়ে বাসায় স্ত্রীকে না পেয়ে কোনাবাড়ী থানা পুলিশকে বিষয়টি জানান বারেক মিয়া।

গতকাল শনিবার বিকেলে কোনাবাড়ী থানার দেওয়ালিয়া বাড়ি এলাকার প্রবাসী মো. আনোয়ার হোসেনের বাড়ির সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটেরা আনোয়ারের পরিবারের লোকজনকে জানান। পরিবারের লোকজন গিয়ে ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে একটি বস্তা দেখে পুলিশে খবর দেন। পুলিশ বস্তাটি উদ্ধার করে ওই নারীর গলাকাটা লাশ দেখতে পান।

পুলিশের ধারণা, সপ্তাহ খানেক আগে কে বা কারা ওই নারীকে হত্যার পর বস্তায় ভরে লাশটি আনোয়ারের ভাড়া বাড়ির সেফটিক ট্যাংকের বাইরের দিকের আলগা ঢাকনা খুলে ভেতরে ঢুকিয়ে রেখে গেছে। লাশ উদ্ধারের পর নিহত নারীর স্বজনদের খবর দিলে আজ ভোরে তাঁরা এসে ওই নারীর লাশ শনাক্ত করেন। এ সময় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
রাবেয়া খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।