চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, দুজন আটক
চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাতে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
ওই দুজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকরিপ্রত্যাশীদের স্বহস্তে পূরণকৃত ৪০টি ভর্তি ফরম ও একটি আয়-ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয় এবং চাকরিপ্রত্যাশী ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের কোতোয়ালি উপশহর এলাকার নিরঞ্জন সরকার (৪৮) ও কক্সবাজারের মহেশখালীর উত্তর নলবিলার বিকাশ বড়ুয়া (৪৪)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১১-এর একটি দল গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় সূর্য বিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রদানের নামে প্রতারণার অভিযোগে ওই দুজনকে আটক করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পত্রিকা, প্রচারপত্র ও অনলাইনে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রের মূল হোতা নিরঞ্জন সরকার। তিনি কথিত সূর্য বিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানির এমডি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করেন। এই প্রতারক চক্র সূর্য বিডিতে বিভিন্ন পদে লোক নিয়োগের নামে প্রত্যেক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা ও চাকরিতে যোগদান বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নিত। কোম্পানির অফিস এক্সিকিউটিভ অফিসার, কাস্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাস্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার প্রভৃতি পদে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন তিনি। ঢাকার বিভিন্ন এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে চাকরিপ্রত্যাশী বেকার তরুণ-তরুণদের ডেকে নিয়ে এসে বিভিন্ন ভুয়া নিয়োগপত্র প্রদর্শন করে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। পরে অফিস পরিবর্তন করে তাঁরা চাকরিপ্রত্যাশীদের টাকা আত্মসাৎ করতেন। অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাঁদের ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আরও জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সূর্য বিডির নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন।