চাটখিলে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ আলম ওরফে ‘খুইশ্যা ডাকাত’ (৩৫) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে শুধু চাটখিল থানাতেই তিনটি খুনসহ ৩০টি মামলা রয়েছে।
উপজেলার বাদলকোর্ট ইউনিয়নের উত্তর বাদলকোর্ট গ্রামের আবদুর রশিদের ছেলে খোরশেদ। তার পরিবারের অভিযোগ, পুলিশ অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে নিয়ে গুলি করে হত্যা করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিনের ভাষ্যমতে, গত সোমবার রাতে চাটখিল থানা পুলিশের একটি দল ঢাকার পল্লবীর রূপনগর থানা এলাকার একটি বাসা থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে তাকে চাটখিল থানায় আনা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত দুইটার দিকে উপজেলার পাল্লা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় পৌঁছালে খোরশেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, চারটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
তবে খোরশেদের বোন সেলিনা আক্তার অভিযোগ করেন, তাঁর ভাইকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করার পর পুলিশ অস্ত্র উদ্ধারের কথা বলে পাল্লা এলাকায় নিয়ে হত্যা করেছে। তাঁর ভাইয়ের কোনো সহযোগী সেখানে ছিল না।
ওসি নাছিম উদ্দিনের দাবি, খোরশেদ দীর্ঘদিন ধরে চাটখিল ও আশপাশের এলাকায় খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর একটি নিজস্ব বাহিনী রয়েছে।
ওসি বলেন, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় এসআই ইব্রাহিম খলিল, এএসআই মো. নাজিমসহ পুলিশের চার সদস্যও সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের জন্য খোরশেদের লাশ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।