চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতে ইলিশ রপ্তানি
মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। প্রায় তিন বছর এ স্থল শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকার পর ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আবার মাছ রপ্তানি শুরু হলো।
গত দুই দিনে বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। গতকাল বৃহস্পতিবার এ পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। আজ শুক্রবার দুপুরে ঢাকার বিডিএস করপোরেশন কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।
আমদানি ও রপ্তানিকারক এবং ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী জানান, তাঁর মাধ্যমে গত ২ দিনে প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার করে ৪০ হাজার ডলারের বিনিময়ে ৪ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশ মাছ গ্রহণ করে।
সোহেল রানা চৌধুরী আরও জানান, ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ মাছ ধরা বন্ধ। এ নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ মাছ রপ্তানি করা হবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন দুই দিনে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।