চামড়ার দাম গত বছরের চেয়ে কম নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশনা মেনে শেষ পর্যন্ত কোরবানির পশুর চামড়ার সংগ্রহমূল্য নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড্ লেদার ও লেদারগুড্স অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চামড়ার নির্ধারিত দর ঘোষণা করেন সংগঠনের সভাপতি এম আবু তাহের। 
চামড়াসংশ্লিষ্ট তিনটি ব্যবসায়ী সংগঠনের নির্ধারিত দর অনুযায়ী এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনা হবে ৭০ থেকে ৭৫ টাকায়। ঢাকার বাইরের লবণযুক্ত গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা। যা গত বছরের চেয়ে ১৫ টাকা কম। এ ছাড়া সারা দেশে প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা কমে ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। খাসির লবণযুক্ত চামড়া গত বছরের চেয়ে ২০ টাকা কমে ৩০ থেকে ৩৫ টাকা এবং ছাগলের চামড়া ১৫ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করবেন ট্যানারি মালিকেরা।
ব্যবসায়ীদের সঙ্গে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে চামড়ার দাম নির্ধারণ করার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে তিনি বলেন, সরকার চামড়ার মূল্য নির্ধারণ করতে চায় না। লোকজনের ন্যায্য মূল্যপ্রাপ্তি ও ব্যবসায়ীদের সুবিধা মাথায় রেখে মূল্য নির্ধারণ করতে হবে। তিনি বলেন, কোরবানির চামড়া বিক্রির টাকা এতিমখানাসহ গরিব মানুষকে দেওয়া হয়। তাই খেয়াল রাখতে হবে যেন চামড়ার ন্যায্য মূল্য সাধারণ মানুষ পায়।
বাণিজ্যমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে শুক্রবারের মধ্যে চামড়ার দাম নির্ধারণ করে তা মুঠোফোনে এসএমএস করে মাঠপর্যায়ের ক্রেতাদের জানিয়ে দিতে বলেন। তাঁর নির্দেশ বাস্তবায়ন করতে চামড়াসংশ্লিষ্ট তিনটি ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) ও বিএফএলএলএফইএ কয়েক দফা বৈঠক করে গতকাল এই দাম চূড়ান্ত করে। তবে গতকালের আগের বৈঠকে গরুর চামড়ার কিছুটা বাড়তি দর নির্ধারণ করা হয়েছিল।
চামড়ার দামের বিষয়ে বিএফএলএলএফইএর সভাপতি আবু তাহের বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখেই চামড়ার দর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কমছে। তা ছাড়া এখন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিও কমে গেছে। তাই বাধ্য হয়ে কম দাম নির্ধারণ করা হয়।
আবু তাহের বলেন, এবার ঈদ মৌসুমে তাপমাত্রা বেশি। তাই কোরবানির পশুর চামড়া সংগ্রহের ছয় ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।
বিটিএর সভাপতি শাহিন আহমেদ বলেন, বর্তমানে চামড়ার বাজার খুব খারাপ যাচ্ছে। রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে পড়েছে। এ ছাড়া যাঁরা মৌসুমভিত্তিতে এলাকায় এলাকায় ঘুরে চামড়া সংগ্রহ করেন, তাঁদের বেশি দামে চামড়া না কেনার অনুরোধ করে তিনি বলেন, বেশি দামে কিনলে লোকসানে পড়তে হতে পারে।
বিএইচএসএমএর সভাপতি আলী হোসেন বলেন, প্রতিটি মাঝারি গরুর চামড়ায় ৫ থেকে ৬ কেজি, বড় গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি, ছাগলের চামড়ায় তিন থেকে চার কেজি এবং মহিষের চামড়ায় ১০ থেকে ১৫ কেজি লবণ দিতে হবে। তিনি জানান, প্রতিবছর সঠিকভাবে লবণ ব্যবহার না হওয়ার কারণে ৩০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।