চামড়া খাতের সব সংগঠনের যৌথ সমাবেশ আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর চামড়া খাতসংশ্লিষ্ট সব সংগঠন আগামীকাল সোমবার রাজধানীর হাজারীবাগে সমাবেশ করবে। এতে মালিক, শ্রমিক, চামড়ার সংযোগশিল্পের ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। এ কর্মসূচি তাঁদের আগেই ঠিক করা ছিল।
পরিবেশ অধিদপ্তর গতকাল শনিবার হাজারীবাগের সব ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর বিকেলে ট্যানারি মালিকদের দুই সমিতি নিজেদের মধ্যে বৈঠক করে। সেখানে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবিগুলো বিসিক আমলে নেয়নি, বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ট্যানারি বন্ধ থাকায় কত টাকা ক্ষতি হচ্ছে, তার একটি হিসাব তৈরি করার সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন, হাজারীবাগের ট্যানারিগুলোতে এখন অন্ধকার। সেখানে শ্রমিকেরা থাকেন, কোটি কোটি টাকার পণ্য আছে। সেগুলোর নিরাপত্তার জন্য অন্তত বাতি জ্বালাতে বিদ্যুতের সংযোগ দরকার।
এর আগে ট্যানারি মালিকেরা ২ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা চামড়াশিল্প নগরের জমির মালিকানা দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবি করেন, যাতে ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়ে কারখানা নির্মাণে অর্থ জোগাড় করা সম্ভব হয়। এ ছাড়া তাঁরা দ্রুত সব ট্যানারিতে গ্যাসের সংযোগ দেওয়া, জমি না পাওয়া মালিকদের জমি দেওয়া এবং বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত। ২০১৫-১৬ অর্থবছরে এ খাতে ১১৬ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। চলতি বছরের জন্য চামড়াকে বর্ষ পণ্য বা প্রডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে সরকার।