সিলেট-৩ আসনে উপনির্বাচন
চার কারণে ভোটারের খরা
আগের নির্বাচনগুলোতে অনিয়ম, করোনায় দুবার নির্বাচন পেছানো, ইভিএমে অনভ্যস্ততা ও বিএনপির নির্বাচন বর্জনের কারণে ভোটার কম।
সিলেটে ভোট মানেই স্বতঃস্ফূর্ত উৎসব। অতীতের নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি পর্যালোচনা করলে এমন তথ্যই মেলে। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনের আগেও সে রকম আমেজই ছিল। কিন্তু গত শনিবার যে ভোট হলো, সেখানে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। ভোট পড়েছে মাত্র ৩৪ দশমিক ৪৬ শতাংশ। এ আসনে ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন। ১৪৯টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হয়। নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯১ ভোট পড়ে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, একে তো করোনা পরিস্থিতি, এর মধ্যে বিগত নির্বাচনগুলোতে অনিয়ম ও জবরদখলের ঘটনায় ভোটাররা বিব্রত ও ক্ষুব্ধ ছিলেন।
স্থানীয় নির্বাচন বিশ্লেষকদের অভিমত, প্রধানত চারটি কারণে সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটার খরা ছিল। এগুলো হচ্ছে ২০১৪ সালে একতরফা জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিভিন্ন নির্বাচনে অনিয়ম ও জবরদখলের ঘটনায় নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া, করোনা পরিস্থিতিতে দুবার নির্বাচন পেছানো, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনভ্যস্ততা এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির নির্বাচন বর্জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ভোট পড়েছিল ৭৩ দশমিক ৬৩ শতাংশ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভোট পড়ার হার বেড়ে দাঁড়িয়েছিল ৮৬ দশমিক ৪৭ শতাংশ। ২০১৪ সালে বিএনপিসহ বিরোধী দল নির্বাচন বর্জন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে এখানে ভোট পড়েছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ।
সংসদীয় আসনটির দুজন ভোটার জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে তাঁরা দেখেন, তাঁদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন। আবার অনেকে ব্যালট পেপারের অভাবে ভোটও দিতে পারেননি। কেউ কেউ কেন্দ্রে দিনভর অপেক্ষা করেও ভোটের সুযোগ পাননি। এসব তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছে।
গতকাল সিলেট-৩ আসনের পাঁচজন ভোটারের সঙ্গে কথা হয়, তাঁরা ভোট দিতে কেন্দ্রে যাননি। তাঁরা জানিয়েছেন, প্রথমত এটি উপনির্বাচন ছিল। তাই কোনো প্রার্থীর জয়-পরাজয়ে এখানে আমূল পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। এমনকি আওয়ামী লীগ সমর্থিত অনেক ভোটার ও সচেতন ব্যক্তি ভোট দিতে যাননি। আবার বিএনপি নির্বাচন বর্জন করায় নির্বাচনী আমেজ আরও পানসে হয়েছিল।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান বলেন, উপনির্বাচনে সচরাচর ভোট কম পড়ে। সেই তুলনায় সিলেট-৩ আসনে প্রচুর ভোটার এসেছিলেন। তাই ভোটার খরা ছিল, এটা বলা যাবে না।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘ভোট কম পড়ল না বেশি পড়ল, সেটা আমার বলার বিষয় নয়। আমার কথা হচ্ছে, ভোট অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়েছে কি না। যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কি না। এ ক্ষেত্রে বলতে পারি, আমরা একটা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিয়েছি।’