চার দিন বন্ধ থাকার পর শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল
ফাইল ছবি

চার দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে সোনার বাংলা সার্ভিসের একটি বাস চালুর মধ্য দিয়ে চলমান ধর্মঘট শেষ হয়। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ বাস চলাচল শুরুর বিষয়টি বিকেলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনালে শ্রমিক নামধারী একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের মালিকানাধীন একটি বাস আটক করে এবং ওই বাসের শ্রমিকদের লাঞ্ছিত করে। এ ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত বুধবার থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছিল। ওই ঘটনায় মালিক সমিতির পক্ষ থেকে মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এরপর মালিক সমিতির নেতারা আজ দুপুরে সংগঠনের কার্যালয়ে আলোচনা করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

বুধবার ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে যান। এ সময় তাঁরা ওই বাসের শ্রমিকদের লাঞ্ছিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অফিস সহকারী রবিউল ইসলাম বাদী হয়ে বাস শ্রমিকদের লাঞ্ছিতের ঘটনায় ছয়জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। এরপর আজ সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত মঙ্গলবার শেরপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী সোনার বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তোলে বাসটি। এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসের চালক ও চালকের সহকারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে যান। এ সময় তাঁরা ওই বাসের শ্রমিকদের লাঞ্ছিত করেন। এরপরই বাস ধর্মঘট শুরু করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।