চার দিন সাগরে ভেসেছেন ওঁরা ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে যায় এফবি মালেক শাহ নামের নৌকাটির ইঞ্জিন। এরপর নৌকাটি ভাসতে ভাসতে চলে যায় গভীর সাগরের দিকে। একই সঙ্গে ভাসতে থাকেন ১৩ মাঝি-মাল্লা। এভাবে চলে চার দিন। অবশেষে আজ মঙ্গলবার সুখবর এসেছে, বেঁচে আছেন তাঁরা। আছেন নিরাপদে। এ খবরে স্বস্তি ও আনন্দ নেমে এসেছে তাঁদের পরিবারগুলোতে।

স্থানীয় বাসিন্দা ও ওই ১৩ জনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর ৩ নভেম্বর আনোয়ারার রায়পুরের পূর্ব গহিরা এলাকার এফবি মালেক শাহ নামের নৌকায় করে ১৩ মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। গত শুক্রবার সোনারচর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকাটি ভাসতে ভাসতে গভীর সাগরের দিকে চলে যায়। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এফবি মালেক শাহ নৌকাটির অংশীদার মো. ইব্রাহীম আজ প্রথম আলোকে বলেন, আজ ভোর ছয়টার দিকে মাঝি-মাল্লারা ফোন করে জানান যে তাঁরা ভালো আছেন। শুক্রবার রাত থেকে আজ ভোর পর্যন্ত তাঁরা গভীর সাগরে নৌকায় করে ভাসতে থাকেন। নিম্নচাপের মধ্যেও তাঁরা এভাবেই ভাসছিলেন। আজ ভোরে কক্সবাজারের একটি নৌকার মাঝি-মাল্লারা মাছ ধরার সময় নৌকাটি দেখে তাঁদের উদ্ধার করে কক্সবাজার উপকূলের দিকে নিয়ে যান।

এ ব্যাপারে কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ছয়টার দিকে খবর আসে নৌকার মাঝি-মাল্লারা ভালো আছেন। এ খবরে নিখোঁজ ১৩ জেলের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।