চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং তাঁর এক নিকটাত্মীয়কে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকীকে সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সায়ফুজ্জামান ফারুকী বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিচারপতি মো. বদরুজ্জামান তাঁর পরিবার নিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়ি ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাতি গ্রামে আসেন। এ সময় পথে পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ছাড়া তাঁর ফুফাতো শ্যালক কামাল পাশাকে (২২) মিথ্যা অভিযোগে ১ জুলাই থানায় নির্যাতন এবং ২ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়ার অভিযোগ ওঠে। দু-এক দিনের মধ্যে তদন্তকাজ শুরু করা হবে।