চার বন্ধুর হাওয়াই মিঠাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সেন্ট জোসেফ স্কুলের সামনে হাওয়াই মিঠাই বিক্রি করছেন আনোয়ার হোসেন
ছবি: প্রথম আলো

স্কুল ছুটির পর সামনের বড় গেট খুলে দেওয়া হয়েছে। ঢলের মতো হুড় হুড় করে বেরিয়ে আসছে সাদা শার্ট আর ধূসর প্যান্টের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা। বাইরের ফুটপাতে সন্তানকে নিয়ে বাসায় ফেরার জন্য অনেকের মা, বাবা আর বাড়ির লোক ভিড় করে আছেন। রাস্তায় রিকশা আর ইজিবাইকের জটলা। চারপাশ কলরবে মুখর।

গতকাল বুধবার বেলা ১১টায় খুলনা নগরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের সামনের দৃশ্য এটি। স্কুল গেট থেকে কয়েক ফুট দূরে ফুটপাতে হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়েছেন একজন ফেরিওয়ালা। তাঁকে ঘিরে জটলা একটু বড় হচ্ছে। কেউ দাম শুনছে, কেউ কিনেই প্যাকেট ছিঁড়ে মুখে পুরে দিচ্ছে। কেউ আবার একটু বেশি কিনে খাওয়ার পাশাপাশি ব্যাগেও রাখছে। হাওয়াই মিঠাই ঘিরে অভিভাবকদের আগ্রহও একেবারে কম নয়। তাঁরাও কিনছেন তুলোর বলের মতো তুলতুলে গোলাপি আর সাদা রঙের সেই হাওয়াই মিঠাই। মিনিট ১৫ বাদে স্কুলের সামনের ভিড় অনেকটা কমে গেল। এর মধ্যে ৩০-৩৫ প্যাকেট বিক্রি শেষে পাশের একটি ভবনের ছায়ায় দাঁড়িয়ে টাকা গুছিয়ে রাখছিলেন মিঠাইওয়ালা। সেখানে কথা হলো মিঠাই বিক্রেতা আনোয়ার হোসেনের সঙ্গে।

কথায় কথায় শোনালেন দেশ-বিদেশ ঘুরেফিরে শেষে মিঠাইওয়ালা হওয়ার গল্প। পাবনা সদরের উত্তর কোমরপুর গ্রামে বাড়ি আনোয়ারদের। বয়সের একবারে সঠিক হিসাব না থাকলেও জানালেন ৩৫ বা ৩৬ বছর হবে। নয়জন ভাইবোনের সংসারে আনোয়ার এলাকার স্কুলে সেভেন পর্যন্ত পড়েছিলেন। পড়াশোনা ছাড়ার আগ থেকেই এক ওয়ার্কশপে কাজ শেখেন। এরপর সাত-আট বছর সেখানেই কাজ করেন। ২০০৭ সালে পাড়ি জমান দুবাইয়ে। চার বছর পর দেশে ফেরেন। আবারও চলতে থাকে বিদেশ যাওয়ার চেষ্টা। তবে দ্বিতীয় দফায় কাতার যাওয়ার অভিজ্ঞতা সুখকর ছিল না আনোয়ারের।

আনোয়ার বলেন, ‘দালালেরা কাতারে ভুয়া কোম্পানিতে পাঠাইছিল। সেখানে এক বছর জোর করে রাখছিল দালাল। পরে ওখান থেকে চলে আসি। অনেক কিছু খুইয়ে কাতার থেকে ফিরে কী করব না করব ভেবে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তারপর অসুস্থতা আর বেকার সময় কাটতি লাগল। ২০১৭ সাল থেকে বন্ধুদের সঙ্গে মিশে এই মিঠাই বিক্রি করি।’

ঢাকা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়ার বিভিন্ন শহরে হাওয়াই মিঠাই বিক্রি করেছেন আনোয়ার। নয় মাস ধরে খুলনা আছেন। চারজন একসঙ্গে থেকে এই ব্যবসা করেন। আনোয়ার বলেন, ‘চারজন একসঙ্গে থাকি। যে শহরেই যাই, চারজন একসঙ্গেই যাই। চারজনের কমে মাল তৈরি করা যায় না। অবশ্য তিনজনেও হয়; তবে শরীরের ওপর জুলুম হয়ে যায়। দিনে চারজনে ছয় শ প্যাকেটের মতো তৈরি করি। একজন বানাই, দুজন গোল করি, একজন প্যাকেট করি। সবাই সব কাজ করি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত, আবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত মিঠাই বানাই। এরপর গোসল, খাওয়া শেষে বিক্রির জন্য বের হই। তবে একসঙ্গে তৈরি করলেও বিক্রি ও আয় যার যার তার তার।’

কীভাবে তৈরি করেন এই মিঠাই? জানতে চাইলে আনোয়ার বলেন, হাওয়াই মিঠাই তৈরি হয় শুধু চিনি দিয়ে। কলেজের শিক্ষার্থী বা বড়রা সাদাটা পছন্দ করলেও স্কুলের বাচ্চারা গোলাপিটা পছন্দ করে। তাই গোলাপি করতে চাইলে চিনির সঙ্গে খাবারের রং মেশানো হয়। মেশিনের নিচে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে তাপ দিতে হয়। মেশিনের ছোট্ট বাটির মধ্যে চিনি দেওয়ার পর হাত দিয়ে চরকা ঘোরাতে হয়। চিনি আগুনের তাপে গলে তা থেকে মাকড়সার জালের মতো সুতা তৈরি হয়। সেখান থেকে কেটে গোল গোল করতে হয়। একটা একটা মিঠাইয়ের চার ভাগের তিন ভাগই বাতাস।

যখন আনোয়ার হাওয়াই মিঠাই তৈরি প্রক্রিয়া বর্ণনা করছিলেন, তখন ফুটপাত ধরে এগিয়ে আসছিলেন আরেকজন হাওয়াই মিঠাইওয়ালা। দুজনের দেখা হতেই আনোয়ার ইতস্ততভাবে তাঁকে উদ্দেশ করে বললেন, ‘ট্যার পাইনি তো। তুমি ব্যাচো, আমি যাচ্ছি।’

বিষয় কী জানতে চাইলে আনোয়ার বলেন, ‘আমরা একই দলের লোক। ওর নাম মাজেদ। দলের আর দুজনের নাম আলিম আর শহীদুল। ওদের কাছ থেকেই আমি ব্যবসা শিখেছি। আমাদের গ্রামে অনেকেই এই ব্যবসা করে। একসঙ্গে মাল তৈরি করলেও বেচতে আমরা চারজন চারদিকে চলে যাই। কারও কারও স্কুল ধরা আছে। এই রোডে আমি বেচতে পারব না। এখানে ভুল করে চলে আসছি।’

আনোয়ার ও মাজেদদের দলের চারজনের বাড়িই একই গ্রামে। তাঁরা যেমন আত্মীয়, তেমনি বন্ধুও। সবার কাছাকাছি বয়স। সবাই মিলে শহরের নিক্সন মার্কেট এলাকায় একটা বাসা ভাড়া করে থাকেন। মাসখানেক বা তারও পর একসঙ্গে বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসেন। আবার ফেরেন একসঙ্গেই। বাড়ি যাওয়ার বাইরে মাসে দুই-তিন দিন বিশ্রাম নেন তাঁরা। যখন শরীরের আর কুলায় না তখন একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে এক-আধ দিন ব্যবসা বন্ধ রাখেন।

চারজন একসঙ্গে থাকতে কোনো ঝামেলা হয় না?—এমন প্রশ্নের উত্তরে আনোয়ার বলেন, ‘একটু-আধটু ঝামেলা হলেও আবার কিছুক্ষণ পর মিলে যাই। বাইরে থেকে ঝগড়া করে কোনো লাভ আছে বলেন!’
গল্পে গল্পে জানা গেল মিঠাইয়ের পেছনে চিনি, স্পিরিট, পলিথিনের ব্যয়ের পাশাপাশি নিজেদের থাকা-খাওয়া মিলিয়ে প্রতিদিন একেকজনের পাঁচ-ছয় শ টাকা খরচ আছে। প্রতিদিন একজন বিক্রি করতে পারেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকার হাওয়াই মিঠাই। গড়পড়তা মাসে একেকজনের ১৮ থেকে ২০ হাজার টাকা লাভ থাকে। স্কুল খোলা থাকলে তাঁদের চিন্তা কিছুটা কম থাকে। বন্ধ থাকলে মহল্লায় গিয়ে গিয়ে বিক্রি করতে হয়। বিক্রির পরিমাণও তখন কমে যায়।

হাওয়াই মিঠাই বিক্রি করেন আনোয়ার হোসেন ও মাজেদ (ডানে)।
ছবি: প্রথম আলো

মাজেদ বললেন, ‘অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়ে যায়। সারা দিন রাস্তায় রাস্তায় টো টো করে ঘোরা লাগে। হাওয়াই মিঠাই করার সময় হাত দিয়ে চাকা ঘোরানো লাগে। কোমর, হাত ব্যথা হয়ে যায়। চোখেমুখে তাপ লাগে। সারা দিন পরিশ্রম করি, আবার সন্ধ্যার পর থেকে পরিশ্রম। দিনরাতে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুম। রোজ ১৮ ঘণ্টার বেশি ডিউটি পড়ে যায়।’

মাজেদের তিন সন্তানের দুজন পড়ালেখা করে। অন্যজন একটি গেঞ্জির কারখানায় কাজ করে। পেশাটা পরিবর্তন করতে চান মাজেদ। মাজেদ বলেন, ‘বোনের জামাইয়ের কাছে এই কাজ শিখছিলাম। ১৫-১৬ বছর ধরে করছি। ডালভাত খেয়ে চলে যাচ্ছে। তবে গোছাতে পারি না। খাওয়াদাওয়া করে শেষ। এই ব্যবসা করার আর শখ নেই। আমিও গেঞ্জির কাজ পারি আর ছেলেটা গেঞ্জির কাজ শিখে গেলে বাড়িতে তিনটা মেশিন কিনে গেঞ্জির ছোট কারখানা দেব।’