চার মাস বেতন পান না গ্রাম পুলিশ-দফাদারেরা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১১১ জন দফাদার ও গ্রাম পুলিশ চার মাস ধরে বেতন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইউএনও কার্যালয় থেকে ব্যাংকে চেক জমা না দেওয়ায় এবং কয়েকজন চেয়ারম্যান প্রত্যয়নপত্র না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দরিয়াদৌলত ইউনিয়নের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, ‘চলতি মাসসহ পাঁচ মাস ধরে কোনো বেতন পাই না, সংসার চালাইতে খুব কষ্ট হয়।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডে ৯৯ জন গ্রাম পুলিশ ও ১২ জন দফাদার কর্মরত রয়েছেন। প্রত্যেক গ্রাম পুলিশ প্রতি মাসে ৩ হাজার ও দফাদার ৩ হাজার ৪০০ টাকা করে বেতন পান। এঁদের বেতনের অর্ধেক সরকারি কোষাগার থেকে এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। এ বছরের জানুয়ারি থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। মে মাসের প্রথম সপ্তাহে ইউএনওর বেতনের সরকারি অংশের চেক এসেছে। কিন্তু তা সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা দেওয়া হয়নি। এ ছাড়া ১৩টি ইউপির মধ্যে ছলিমাবাদ, ফরদাবাদ, ছয়ফুল্লাকান্দি, উজানচর, দরিয়াদৌলত, বাঞ্ছারামপুর উত্তর ইউপির চেয়ারম্যানরা প্রত্যয়নপত্র জমা দেননি। এসব কারণে গ্রাম পুলিশ ও দফাদারেরা বেতন পাননি।
ইউএনও কার্যালয়ের অফিস সহকারী গোলাম কিবরিয়া বলেন, ‘বেতনের চেক জেলা থেকে উপজেলায় গত সপ্তাহে এসেছে। ইউএনও স্যার ট্রেনিংয়ে থাকায় তা জমা দেওয়া যায়নি। আগামী সপ্তাহে স্যার যোগদান করার পর স্যারের স্বাক্ষর দিয়ে চেক জমা দেওয়া হলে তাঁরা বেতন পাবেন।