চার মেয়র প্রার্থীই ব্যবসায়ী, সর্বোচ্চ শিক্ষা এইচএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

যশোর পৌরসভা নির্বাচনে চার মেয়র পদপ্রার্থীর সবাই ব্যবসায়ী। তাঁদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মধ্যে সীমাবদ্ধ। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত হলফনামায় প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন।
জনপ্রতিনিধি ব্যবসায়ী হলে নাগরিকের সেবা ব্যাহত হবে কি না, এ বিষয়ে জানতে চাইলে নাগরিক অধিকার আন্দোলন যশোরের আহ্বায়ক নূর জালাল বলেন, ‘এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এখনকার জনপ্রতিনিধির সবার মূল পেশা হচ্ছে ব্যবসা। যে কারণে ক্ষমতায় গিয়ে তাঁরা তাঁদের ব্যবসা পাকাপোক্ত করতেই মরিয়া হয়ে ওঠেন। এতে জনগণ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়।’
হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার এসএসসি পাস। তিনি কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান, মেসার্স কপোতাক্ষী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর, সদর উপজেলার কপোতাক্ষী ফিড লিমিটেড ও ঝিকরগাছার নক্ষত্র স্বপ্নফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকার গাবতলীর গরিবশাহ স্টোন ইন্ডাস্ট্রিজের অংশীদার। তাঁর বার্ষিক আয় কৃষি খাতে দুই লাখ টাকা, ব্যবসায় ১ কোটি ৭০ লাখ ৭ হাজার ৩০৮ টাকা। ব্যাংকে তাঁর ৭৮ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১৭৮ টাকা ঋণ রয়েছে। এর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড যশোর শাখায় ৬৬ লাখ ২৩ হাজার ৫৬৯ টাকা ও গাড়ির ঋণ, ব্যবসায়ী ঋণসহ (সিসি) বিভিন্ন খাতে এনসিসি ব্যাংক যশোর শাখায় বাকি ঋণ রয়েছে।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কামরুজ্জামান উচ্চমাধ্যমিক পাস। তিনি মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজ নামে সিমেন্ট, ঢেউটিন ও নির্মাণসামগ্রী বিক্রির একটি দোকান ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ নামে তাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। তিনি কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নেননি।
বিএনপির প্রার্থী (বরখাস্ত মেয়র) মারুফুল ইসলামও উচ্চমাধ্যমিক পাস। শহরের হাটখোলা সড়কে ইস্ট বেঙ্গল নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁর বার্ষিক আয় ৬৩ লাখ ৩৩ হাজার ৮৪৪ টাকা। এর মধ্যে বাড়িভাড়া বাবদ ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা, ব্যবসায় ৫৯ লাখ ২৫ হাজার ৪০০ টাকা, পৌরসভার মেয়র হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকা ও অন্যান্য ১৭ হাজার ২৪৪ টাকা। এনসিসি ব্যাংক লিমিটেড যশোর শাখায় ৫৯ লাখ ৮৬ হাজার ১৪৯ ও এসটিএল ও অন্যান্য প্রতিষ্ঠানে তাঁর ১০ লাখ ৭ হাজার ৭৯২ টাকা ঋণ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। ১২টি মামলায় তিনি জামিনে রয়েছেন। মামলাগুলোর চারটি বিশেষ ক্ষমতা আইনে, চারটি বিস্ফোরক আইনে, একটি সন্ত্রাসবিরোধী আইন ও অন্যগুলো ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায়।
ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী এইচএসসি পাস। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মৌসুমী মেশিনারি। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় এক লাখ টাকা।
আপনি নির্বাচিত হলে এত ব্যবসা সামলে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করবেন—এ প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘আমার সব ব্যবসা কর্মচারীরা দেখেন। আমি শুধু টাকা উত্তোলনের চেক ও কাগজপত্র সই করি। কাজেই কোনো সমস্যা হবে না।’
একই বিষয়ে মারুফুল বলেন, ‘আমার ব্যবসা বড় মেয়ে ও কর্মচারীরা দেখাশোনা করেন। আমি জনগণের পাশে আছি ও ভবিষ্যতেও থাকব।’
একাধিকবার মুঠোফোনে ফোন করলেও কামরুজ্জামান ধরেননি। এ ছাড়া ইসলামী আন্দোলনের নেতাদের কাছে মোহাম্মদ আলীর মুঠোফোন নম্বর না পেয়ে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাগরিকের সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা বড় কোনো বিষয় কি না, এ ব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমীরুল আলম খান গতকাল বুধবার রাতে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় কোনো ডিগ্রিধারীর কাছ থেকে সদাচরণ আশা করা যায় না। কাজেই মেয়র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী, তাতে কিছু যায়-আসে না। দরকার তাঁদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা।