চার শিশু হত্যার ঘটনায় ৮ আসামির জামিন নামঞ্জুর
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত চার শিশু হত্যা মামলার আট আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতের বিচারক কিরণ শঙ্কর হাওলাদার এ আদেশ দেন। এ ছাড়া মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে আগামী ২০ জুলাই ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার নয় আসামির আটজনের পক্ষে গতকাল জামিন চাওয়া হয়। অন্য আসামি বাচ্চু মিয়া আগেই র্যা বের গুলিতে নিহত হয়েছেন। পাশাপাশি মামলার আসামি রুবেল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের দাবি জানান তাঁর আইনজীবীরা। তাঁরা যুক্তি দেন, রুবেল অপ্রাপ্তবয়স্ক। তাঁকে কৌশলে ও ভয় দেখিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে। বিচারক শুনানি শেষে রুবেলের বয়স নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।
গতকাল যে আট আসামির জামিন চাওয়া হয় তাঁরা হলেন সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী, তাঁর সমর্থক জুয়েল মিয়া, হাবিবুর রহমান ওরফে আরজু, রুবেল মিয়া, ছায়েদ আলী, বিল্লাল মিয়া, উস্তার মিয়া ও বাবুল মিয়া। তাঁদের মধ্যে বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক। বাকিরা কারাগারে।
গতকাল এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে রুবেলের বয়স নির্ধারণ নিয়ে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের কারণে আদালত অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি না করে ২০ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশুর অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। তারা গত ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ ছাড়া নিখোঁজের মামলা হয়।