চারঘাটে আতশবাজি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে ঈদ উপলক্ষে আতশবাজি নিয়ে সংঘর্ষে এক কলেজছাত্র খুন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত কলেজছাত্রের নাম আশিক ইসলাম। সে চারঘাট উপজেলা সদরের এমএ হাদী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম আসলাম আলী। বাড়ি চারঘাট পৌর এলাকার মেরামাতপুর মহল্লায়।

আটক ব্যক্তিরা হলেন নিহত আশিক ইসলামের বন্ধু আশিক আলীর বাবা কালাম আলী, মা আরিফা বেগম ও বড় ভাই আরিফ। তাঁদের বাড়ি চারঘাট উপজেলার চন্দন শহর গ্রামে। সংঘর্ষের সময় আশিক ইসলামও আহত হয়েছে। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আশিক ইসলাম ও তার বন্ধুরা স্থানীয় কাঁকড়ামারী বাজারে আতশবাজি (মরিচ পটকা) কিনতে যায়। আতশবাজি নিয়ে ফেরার পথে তাদের আরেক বন্ধু আশিক আলীর সঙ্গে দেখা হয়। এ সময় আশিক বন্ধুদের কাছে থেকে মজা করার জন্য তিনটি আতশবাজি কেড়ে নিয়ে পালিয়ে যায়।

রাত ১০টার দিকে আশিক ইসলাম ও তার বন্ধুরা মিলে আতশবাজি উদ্ধার করতে চন্দন শহর গ্রামে আশিক আলীর বাড়িতে যায়। এ সময় দুই আশিকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশিক ইসলাম ও তার বন্ধুরা আশিক আলীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আশিক আলী ও আশিক ইসলাম দুজনই আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আশিক ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আশিক আলীর বাবা কালাম আলী, মা আরিফা বেগম ও বড় ভাই আরিফকে আটক করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় নিহত আশিক ইসলামের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।