চারঘাটে পল্লিচিকিৎসককে গলা কেটে হত্যা, আটক ২
রাজশাহীর চারঘাটে এক পল্লিচিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতেই পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।
নিহত ওই পল্লিচিকিৎসকের নাম আবদুল মান্নান (৭০)। তিনি শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের বাসিন্দা। আটক দুই ব্যক্তি হলেন উপজেলার ফতেপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)। চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আবদুল মান্নান গতকাল বিকেলে ইফতারসামগ্রী সঙ্গে নিয়ে পাট খেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাট খেতে থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন পাটখেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিদর্শক আবদুল লতিফ বলেন, আজ শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। নিহত আবদুল মান্নানের ছেলে বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলাচোর কলা চুরি করতে এসেছিল। কলাবাগানের মধ্যে আবদুল মান্নান তাদের চিনে ফেলায় তাঁর গলায় হাসুয়া বা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়।