চারঘাটে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ
রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
হাতবোমা বিস্ফোরণের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী একরামুল হক, বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল উপস্থিত ছিলেন। তাঁরা টেলিভিশন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখনই সামান্য দূরে ভোটারদের সারির পেছনে হঠাৎ দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরণ হয়। কে বা কারা এই বোমা নিক্ষেপ করেছে, তা বোঝা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি হাতবোমার একটি বিস্ফোরণ হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এসে অবিস্ফোরিত হাতবোমাটি উদ্ধার করেন। এরপর সেটি নিষ্ক্রিয় করা হয়। হাতবোমার বিস্ফোরণের সময় অনেক ভোটার ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের এ ঘটনার জন্য দুই প্রার্থী একে অন্যকে দুষছেন। বিএনপি প্রার্থী জাকিরুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্র দখলে নিতে চান। এ কারণে ভোটারদের আতঙ্কিত করে ভোটকেন্দ্র ফাঁকা করতে তাঁরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক বলেন, এটা বিএনপি ও জামাত-শিবিরের ক্যাডারদের কাজ। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সামনেই বিস্ফোরণ ঘটিয়েছে।
কারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি বলে উল্লেখ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল আলম। বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে রাজশাহীর দুটি পৌরসভায় ভোট গ্রহণ করা হচ্ছে। অপরটি হলো দুর্গাপুর পৌরসভা। চারঘাটের এক কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর পরিবেশেই ভোটাররা ভোট দিচ্ছেন।