চারঘাটে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর চারঘাট উপজেলায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে শাহবাজ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আবদুল জাব্বারের ছেলে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁতারপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামের দুই মাদক কারবারির সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই দল। সন্ধ্যা সাতটার দিকে শাহবাজসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজকে জনসমক্ষে কোপানো হয়। পরে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শাহবাজের লাশ পরে বাড়িতে এনে রাখা হয়।

খুনের ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের দ্বন্দ্বে একজন খুন হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের কার্যক্রম চলছে।