চারজনের প্রার্থিতা বৈধ হলেও মিলছে না প্রতীক বরাদ্দ, নির্বাচনের বাকি ৬ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারজন চেয়ারম্যান প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে মনোনয়নপত্র জমা দিলেও এখন পর্যন্ত তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এ অবস্থায় প্রতীক না পেয়ে গণসংযোগ করতে পারছেন না তাঁরা। নির্বাচনের বাকি আছে ছয় দিন। ৩১ জানুয়ারি এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ওই চার প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম। কমিশনের সিদ্ধান্তের আলোকেই তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ওই চার চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার ও একই ইউনিয়নের জসিম উদ্দিন ও লক্ষণপুর ইউনিয়নের আবদুল বাতেন। এই চারজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাঁরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যান নির্বাচন করতে ইচ্ছুক কয়েকজন প্রার্থী। কিন্তু তাঁদের মনোনয়ন ফরম দেওয়া হয়নি। এরপর তাঁরা কুমিল্লা জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। ঢাকায় আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনের সামনে মানববন্ধনও করেন। এতে কাজ না হওয়ায় তাঁরা উচ্চ আদালতে রিট করেন। ১৩ জানুয়ারি আদালত ৪৮ ঘণ্টার মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা ও বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর ২০ জানুয়ারি তাঁরা মনোনয়ন ফরম জমা দেন। এতে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কিন্তু চারজনকে কোনো ধরনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, চলতি মাসের ৩ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪০ ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন মনোনয়ন ফরম দাখিল করেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

১৩ জানুয়ারি চেয়ারম্যান পদে বাইশগাঁও ইউনিয়নে দুজন, লক্ষণপুর, হাসনাবাদ ও সরসপুরে একজন করে পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে বিনা ভোটে আওয়ামী লীগের মনোনীত ১১ চেয়ারম্যান প্রার্থীর সবাই জয়ী হন। এ ছাড়া সাধারণ সদস্য পদে বিনা ভোটে ৮৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩০ জন জয়ী হন। ওই দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ঝলম উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা ভোটে আওয়ামী লীগের আবদুল মজিদ খান, লক্ষণপুরে মহিনউদ্দিন চৌধুরী ও সরসপুর ইউনিয়নে আবদুল মান্নানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তা ওই তিন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করেছেন। চার প্রার্থীর বিষয়ে আদালতের নির্দেশনা আছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ঝলম উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নানা ধরনের প্রতিবন্ধকতা মাড়িয়ে উচ্চ আদালতের নির্দেশে মনোনয়ন ফরম জমা দিলেও এখন পর্যন্ত দলীয় প্রতীক বরাদ্দ পাইনি। আমরা চারজনই আওয়ামী লীগের রাজনীতি করি। সারওয়ার ও জসিম যুবলীগ করে, বাতেন আওয়ামী লীগের রাজনীতি করেন।’
সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার বলেন, ‘সোমবার পর্যন্ত আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। আমরা আবার আদালতে যাব।’

চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘আদালত মনোনয়ন ফরম জমা, বাছাইসহ ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় ব্যবস্থা নিতে বলেছেন। তার মানে নির্বাচনী সব কাজের কথা বলেছেন। এই অবস্থায় আমাদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু এখনো প্রতীক দেওয়া হয়নি। আদালতে দেওয়া ৪৮ ঘণ্টার নির্দেশনা গত শুক্রবার বেলা ৩টার মধ্যে শেষ হয়েছে। প্রতীক বরাদ্দ না পেলে করণীয় ঠিক করব।’

নির্বাচন কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, আদালত চার প্রার্থীর মনোনয়ন ফরম জমা ও বাছাই করতে বলেছেন। প্রতীক বরাদ্দের কথা বলেননি। তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।