পিরোজপুর
চারটি মডেল মসজিদ নির্মাণে অগ্রগতি নেই
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। চুক্তিমূল্যে কাজ শেষ করলে লোকসানের আশঙ্কা রয়েছে।
পিরোজপুরে চারটি মডেল মসজিদের নির্মাণকাজে অগ্রগতি নেই বললেই চলে। গত ৩৩ মাসে এগুলোতে শুধু পাইলিংয়ের কিছু কাজ হয়েছে। ২০১৯ সালের জুনে কার্যাদেশ দেওয়া মসজিদগুলো ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, অর্থাভাবে তারা কাজ করতে পারেনি। সম্প্রতি অর্থ বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। চুক্তিমূল্যে কাজ শেষ করতে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে।
গণপূর্ত বিভাগের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালের ১৩ জুন পিরোজপুরে জেলা পর্যায়ে একটি ও সাত উপজেলায় সাতটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। জেলা পর্যায়ের মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণকাজ শেষের দিকে। তবে পিরোজপুর সদর, কাউখালী, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি তিনটি উপজেলায় কাজ চলমান। পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার মডেল মসজিদের নির্মাণকাজ পেয়েছে কেটিএম-আইবিএল (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় কাজ পেয়েছে ইএফটিই-ইটিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পিরোজপুর সদর ও কাউখালীতে মসজিদের নির্মাণকাজ করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান খান। নাজিরপুর ও নেছারাবাদে কাজ পেয়েছেন নূর ই আলম। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬৭ লাখ টাকা।
দুই বছর আগে সদর উপজেলার শেখ বাড়িসংলগ্ন সদর উপজেলার মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়। তবে গত দুই বছর কোনো কাজ করেননি ঠিকাদার। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেখানে কিছু পাইলিংয়ের জন্য পিলার তৈরি করে ফেলে রাখা হয়েছে। কাউখালী সদরে উপজেলা পরিষদসংলগ্ন মডেল মসজিদ নির্মাণকাজের পাইলিংয়ের কিছু কাজ হয়েছে। নেছারাবাদ উপজেলার কাঠের চর এলাকায় মসজিদের শুধু পাইলিংয়ের কিছু কাজ হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাজিরপুর উপজেলা সদরে ঈদগাহ এলাকায় মসজিদের পাইলিংয়ের কাজ শুরু করার পর এক নির্মাণশ্রমিক দুর্ঘটনায় মারা যান। এর পর থেকে কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করলে চুক্তিমূল্যে কাজ করে লোকসান গুনতে হতো না। এখন রড, পাথর ও সিমেন্টের মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদার কাজ করলে লোকসানের মুখে পড়তে পারেন। যে কারণে মসজিদগুলোর কাজ বাস্তবায়ন নিয়ে আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
ঠিকাদারি প্রতিষ্ঠান কেটিএম-আইবিএলের (জেভি) অংশীদার কামরুজ্জামান খান বলেন, ‘সরকারের মডেল মসজিদ নির্মাণ তহবিলে অর্থসংকট ছিল। এ কারণে আমরা কাজ শুরু করে ফেলে রাখতে বাধ্য হই। বর্তমানে সরকারের তহবিলে টাকা এসেছে। তবে এখন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়ায় চুক্তিমূল্যে মসজিদ নির্মাণ করলে আমাদের লোকসান হবে।’ অপর ঠিকাদার নূর ই আলম দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গণপূর্ত বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম বলেন, ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজের তহবিলে টাকার সংকট ছিল। এ কারণে ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেননি। সম্প্রতি টাকা বরাদ্দ হয়েছে। ঠিকাদারদের কাজ শুরুর জন্য বলেছি।’