চারতলা বিদ্যালয় ভবন পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীগর্ভে চলে যাওয়া মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবন
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর ভাঙনে নিঃশেষ হয়ে গেল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্গম চরের একমাত্র এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়। টানা কয়েক দিন ভাঙনের শঙ্কায় থাকার পর আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টির চারচলা ভবনটি পুরোপুরি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের শঙ্কায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে টিনের অপর ঘরটিও। ফলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য সেখানে আর কোনো ভবন অবশিষ্ট নেই।

বর্ষার শুরুতে আজিমনগর, লেছড়াগঞ্জ, কাঞ্চনপুর ও গোপীনাথপুর ইউনিয়নে নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়। এতে অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট ভাঙনের কবলে রয়েছে। গত বছরই পদ্মার তীব্র ভাঙনের কারণে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় অবস্থিত উচ্চবিদ্যালয়টি ভাঙনের শঙ্কায় ছিল আগে থেকেই। শুধু এ বিদ্যালয় নয়, চলতি বর্ষায় এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা পূর্বপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর।

বিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মার মধ্যে আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের বিশাল চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়। এই চরের প্রায় ৩০০ শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। গত বছর বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে পড়ে। এ কারণে বিদ্যালয়টির ‍তৃতীয় ও চতুর্থ তলার অবকাঠামোর কাজ শেষ হলেও বাকি কাজ অসম্পূর্ণ রাখা হয়। গত এক সপ্তাহে পদ্মা পানি বাড়ায় বিদ্যালয় ভবনটি আরও ঝুঁকিতে পড়ে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি টিনশেডের ঘরে ২০০৩ সালে প্রতিষ্ঠিত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের যাত্রা শুরু। ২০১৫–১৬ অর্থবছরে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপর একতলা একটি ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০১৯–২০ অর্থবছরে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বাকি তিনতলার কাজ সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় বলেন, আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে।

প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বলেন, গত বছর আজিমনগর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। তাঁদের নির্দেশনায় ভাঙনের ঝুঁকিতে থাকা বিদ্যালয়ের ভবনটির তৃতীয় ও চতুর্থ তলার ছাদ হলেও বাকি কাজ বন্ধ রাখা হয়।

শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত হাটিঘাটা এলাকায় অস্থায়ীভাবে ঘর তুলে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে। তবে এনায়েতপুর এলাকায় স্থায়ীভাবে বিদ্যালয়ের স্থাপনা করা হবে। এ ব্যাপারে উপজেলা শিক্ষাকর্মকর্তা মাইনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, হরিরামপুর উপজেলা সদর থেকে আজিমনগর চরাঞ্চলের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। চার দিকে পদ্মা নদীবেষ্টিত হওয়ায় চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। আজিমনগরসহ পদ্মা নদীর মধ্যে সুতালড়ি ও লেছড়াগঞ্জ নামে আরও দুটি ইউনিয়ন রয়েছে। নদীভাঙনের কারণে গত বছরের আগস্টের শুরুতে সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি বিলীন হয়ে যায়।

স্বাস্থ্যকেন্দ্রটি ছিল ওই তিনটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান।
ওই এলাকায় ভাঙন নিয়ে পাউবোর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, চরাঞ্চলে নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে হলে বিপুল অর্থের প্রয়োজন। ২০২০ সালে ৬০ লাখ টাকা খরচ করেও ৫০ টাকার স্থাপনাও রক্ষা করা যায়নি। ভবিষ্যতে চরাঞ্চলে স্থানান্তরযোগ্য স্থাপনা নির্মাণে পরামর্শ দেন তিনি।