‘চারা নগর’ যেন স্তব্ধ, দামে ধস

  • শাহনগরে মাটি ছাড়াই তৈরি বিশেষ ধরনের বেডে সবজির চারা উৎপাদন হয়। এলাকাটি এখন ‘সবজির চারা নগর’ নামে খ্যাত।

  • শাহনগর ছাড়াও চক চুপিনগর, দিহিগ্রাম, বড়পাথার, বৃ-কুষ্টিয়া, খোট্টাপাড়ায় আছে নার্সারি। কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি ছাড়াই ট্রে পদ্ধতিতে মরিচের চারা উৎপাদন করেছেন। এখন বিক্রির অপেক্ষায় আছেন তিনি। সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামে
ছবি: সোয়েল রানা

নেটঘেরা বিশেষ ধরনের ঘর। তার ভেতরে প্লাস্টিকের ট্রেতে বিশেষ ধরনের বেড। মাটির বদলে নারকেলের ছোবড়ার সঙ্গে জৈব সার মিশিয়ে তৈরি। এই বেডে মাটি ছাড়াই উৎপাদিত হচ্ছে হরেক সবজির লাখো চারা। এই পদ্ধতিতে উৎপাদিত চারা সুস্থ, সবল, রোগবালাইমুক্ত ও উচ্চ ফলনশীল হয়। ফলে অন্য চারার চেয়ে চাহিদাও বেশি।

শীতের সবজি চাষকে সামনে রেখে চারা উৎপাদনের এই কর্মযজ্ঞ বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের শাহনগর এলাকার। একই এলাকার শতাধিক নার্সারিতে সনাতন পদ্ধতিতেও চারা উৎপাদন চলছে। এলাকাটি এখন ‘সবজির চারা নগর’ নামে খ্যাত।

গত বছর যে চারার দাম ছিল গড়ে ১ টাকা, এবার সেই চারা বিক্রি হচ্ছে ২৫-৩৫ পয়সা করে। ক্রেতা না থাকায় এই দামেও চারা বিক্রি করতে পারছেন না নার্সারির মালিকেরা।

নার্সারির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আড়াই শতাধিক নার্সারিতে সবজির চারা উৎপাদিত হয়েছে। এক কেজি বীজে চারা উৎপাদিত হয় গড়ে ১ লাখ ২০ হাজার। প্রতিটি নার্সারিতে গড়ে ৫ কেজি বীজের চারা উৎপাদন ধরে সেখানে এবার সবজির চারা উৎপাদিত হয়েছে প্রায় ১৫ কোটি। এখানকার সবজির চারা যায় সারা দেশে। গত মৌসুমে শাহনগরের নার্সারিগুলোতে একটি চারা বিক্রি হয়েছিল গড়ে ১ টাকা মূল্যে। সেই হিসাবে ১৫ কোটি টাকার চারা বিক্রি হওয়ার কথা। কিন্তু এবার চারা নগর যেন স্তব্ধ হয়ে পড়েছে। করোনাকালে চারার ক্রেতা নেই। ফলে চারার বাজারমূল্যে ধস নেমেছে। একেকটি চারা বিক্রি হচ্ছে ২৫-৩০ পয়সা দরে। এই দর পেলেও নার্সারির মালিকদের ঘরে অন্তত পৌনে ৪ কোটি টাকা ওঠার কথা। তবে ক্রেতা না থাকায় নার্সারিতেই নষ্ট হচ্ছে বিপুলসংখ্যক চারা।

উৎপাদিত চারার মধ্যে সিংহভাগই হাইব্রিড জাতের মরিচ। রয়েছে বিজলি, বিজলি প্লাস, গ্রিন সুপার, গ্রিন মাস্টার, এনএস-১৭০১, লুবাসহ নানা জাতের হাইব্রিড মরিচের চারা। আরও রয়েছে পেঁপে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর চারা। বেশি ধস নেমেছে মাটি ছাড়াই উৎপাদিত চারার দামে। অন্যবার এই পদ্ধতিতে উৎপাদিত প্রতিটি চারা বিক্রি হতো ৫-৬ টাকা। এবার বিক্রি হচ্ছে ৪০-৫০ পয়সা দরে। শাহনগর ছাড়াও চক চুপিনগর, দিহিগ্রাম, বড়পাথার, বৃ-কুষ্টিয়া, খোট্টাপাড়াসহ কয়েকটি গ্রামজুড়ে গড়ে উঠেছে অনেক নার্সারি। কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। অভাব ঘুচিয়ে হয়েছেন স্বাবলম্বী।

দেড় বিঘা জমিতে মরিচের চারা করেছেন। সময়মতো বিক্রি করতে না পারায় ফুল এসে গেছে। সেগুলো তুলে ফেলে দিচ্ছেন তিনি। সম্প্রতি বগুড়ার শাজাহানপুরের শাহনগর গ্রামে
ছবি: সোয়েল রানা

নার্সারির মালিকেরা জানান, প্রতিবছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সবজির চারা উৎপাদিত হয় বেশি। বিভিন্ন জেলা থেকে দলে দলে কৃষক ও ব্যবসায়ীরা এসে চারা নিয়ে যান। মুঠোফোনে চাহিদা পাঠিয়েও কুরিয়ারের মাধ্যমে অনেকে চারা সংগ্রহ করেন। এবার নার্সারিপল্লিজুড়ে বিরাজ করছে ভিন্ন চিত্র। করোনা মহামারিতে কৃষক ও ব্যবসায়ীদের আনাগোনা নেই।

শাহনগর নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, বড়পাথার গ্রামের দরিদ্র কৃষক শামসুল ইসলাম আশির দশকে স্বল্প পরিসরে সবজির চারা উৎপাদন শুরু করেছিলেন। নব্বইয়ের দশকে অন্যরাও চারা উৎপাদনে ঝুঁকে পড়েন। তিন দশকে এখানে রীতিমতো সবজির চারা উৎপাদনে বিপ্লব ঘটেছে।

অন্যবার জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই চারা বিক্রি শুরু হতো। এবার করোনার কারণে নার্সারি ব্যবসায় মন্দা। ক্রেতা নেই। বীজ বপনের ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই চারা বিক্রি শেষ না হলে ফুল ফুটে নষ্ট হয়। কিন্তু ক্রেতা না থাকায় নার্সারিগুলোতে উৎপাদিত লাখ লাখ চারা নষ্ট হয়েছে। লোকসান গুনতে হয়েছে কোটি কোটি টাকা। করোনার বিধিনিষেধ উঠে গেলে বিক্রি সামান্য বেড়েছে। তবে নার্সারিতে রেকর্ড চারা নষ্ট হওয়ায় দাম কমেছে। কোনোরকমে ক্রেতা পেলেই লোকসানে চারা বিক্রি করছেন নার্সারির মালিকেরা।

শাহনগর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, এবার প্রায় ১৫ কোটি চারা উৎপাদিত হয়েছে। গত বছরের মূল্য ধরে এবার ১৫ কোটি টাকার চারা বিক্রি হওয়ার কথা। কিন্তু বিক্রি হচ্ছে ২৫ পয়সা থেকে ৪০ পয়সা দরে। এতে নার্সারির মালিকদের ১০-১২ কোটি টাকা লোকসান গুনতে হবে।