চাল আত্মসাতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, দুই মহিলা সদস্য, তদারকি কর্মকর্তাসহ চারজনকে মোট ৯ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জাটকা আহরণকারী হতদরিদ্র জেলে ও হতদরিদ্র নারীদের ভিজিডি কর্মসূচির সরকারি চাল আত্মসাৎ এবং খাল ও বাজার অবৈধভাবে ইজারা দিয়ে অর্থ আত্মসাতের মামলায় তাঁদের এই শাস্তি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান দণ্ডবিধি ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের প্রত্যেককে সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১২ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহরাজ উদ্দিন, দুই মহিলা সদস্য তাহেরা বেগম ও ছকিনা খাতুন এবং তদারকি কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম ফারুক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিঝুম দ্বীপের জাটকা আহরণকারী ৩৮৯ জন হতদরিদ্র জেলের জন্য ২০১৬ সালের মার্চ হতে জুন পর্যন্ত ৪ মাসে ১৬০ কেজি হারে ৬২ দশমিক ২৪ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। এরপর নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানসহ অন্য আসামিরা ওজনে কম দিয়ে এবং ভুয়া মাস্টাররোল তৈরি করে ৩১ দশমিক ১২ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন।

একইভাবে ২০১৬ সালের জানুয়ারি-জুন মাস পর্যন্ত ইউনিয়নের ১১৯ জন হতদরিদ্র নারীর জন্য সরকারি ভিজিডি কর্মসূচির ২১ দশমিক ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। আসামিরা হতদরিদ্র নারীদের চাল কম দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে চাল না দিয়ে ভুয়া মাস্টাররোল তৈরি করে ১০ দশমিক ৭১ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন।

এ ছাড়া অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ আসামিরা পরস্পরের যোগসাজশে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন খাল ও বাজার অবৈধভাবে ইজারা দিয়ে ইজারার অর্থ ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না করে আত্মসাৎ করেন। এসব ঘটনায় ইউপি সচিব ছিদ্দিক আহমেদ জুয়েল ২০১৬ সালের ১৫ মে হাতিয়া থানায় একটি মামলা করেন।

পরবর্তী সময়ে দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান মামলাটি তদন্ত করে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আজ নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেক আসামির ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডবিধির ৪৬৫ ধারায় ২ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ৪৭১ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতে দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবুল কাশেম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন কামরান। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমদ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।