দরিদ্ররা দিশাহারা
চাল বিতরণ বন্ধ করে দিয়েছেন চেয়ারম্যান
চেয়ারম্যান ২৩ মার্চ ৪৮৫টি কার্ড সংশোধন করে তালিকা জমা দিয়েছেন। নীতিমালা অনুযায়ী এটা করার সুযোগ নেই।
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা গত মার্চ মাসের চাল পাননি। অভাবের সময় ১০ টাকা কেজির চাল না পেয়ে দরিদ্র পরিবারগুলো বিপাকে পড়েছে। তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত ইউপি চেয়ারম্যান ডিলারদের চাল বিতরণ বন্ধ রাখতে বলেছেন। এ কারণে ইউনিয়নের ১ হাজার ২৬৫ জন উপকারভোগী মার্চ মাসের চাল পাননি। চাল না পেয়ে অনেক গরিব মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।
চাল বিতরণ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির বলেন, ‘দুর্নীতি ও অনিয়ম করে আগের চেয়ারম্যান বেনামে চাল দিয়েছেন। ডিলাররা কার্ড করতে টাকা নিয়েছেন। এসব কার্ডধারীর নাম বাদ দিয়ে ৪৮৫ জনের নতুন একটি তালিকা আমি জমা দিয়েছি। তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। তালিকা সংশোধনের পর নতুন তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হবে।’ চাল না পেয়ে ইউএনওর কাছে দরিদ্র পরিবারগুলোর আবেদনের বিষয়ে তিনি বলেন, তিনি এক সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক করে দেবেন। এরপর চাল বিতরণ শুরু হবে।
তবে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচিতে উপকারভোগীর তালিকা থেকে কেবল মৃত, সচ্ছল, সরকারের অন্য কর্মসূচির সুবিধাপ্রাপ্ত ও ভুয়া ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত হতদরিদ্রদের অন্তর্ভুক্ত করে তালিকা সংশোধনের নির্দেশনা রয়েছে। কিন্তু হরিদাসকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ২৩ মার্চ ৪৮৫টি কার্ড সংশোধন করে তালিকা জমা দিয়েছেন। নীতিমালা অনুযায়ী এটা করার সুযোগ নেই। এ ব্যাপারে কয়েকবার মিটিং করা হয়েছে। তারপরও নতুন তালিকা অনুমোদন না হওয়া পর্যন্ত চেয়ারম্যান চাল বিতরণ বন্ধ রেখেছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।’
উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, ‘চাল বিতরণ বন্ধ থাকার বিষয়টি দুই-তিন দিন আগে জেনেছি। চেয়ারম্যান এটা করেছেন। এটা মোটেও ঠিক হয়নি। তিনি গণহারে তালিকা থেকে উপকারভোগীদের নাম বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত তালিকা সংশোধন করতে চান। নতুন তালিকা অনুমোদন না হওয়া পর্যন্ত পুরোনো তালিকা অনুযায়ী উপকারভোগীদের চাল দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
চালের জন্য হাহাকার
মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নটি জলাবদ্ধ এলাকা। ভবদহের জলাবদ্ধতার কারণে এই এলাকায় চার বছর ধরে ফসল উৎপাদন হয় না। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরের দুটি মৌসুমে পাঁচ মাস ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে দরিদ্রদের চাল দেওয়া হয়। মাসগুলো হলো মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর। এবার মার্চ মাসে হরিদাসকাটির প্রায় ৯৫ শতাংশ দরিদ্র উপকারভোগী খাদ্যবান্ধবের চালবঞ্চিত রয়েছেন।
শুকুর আলী বিশ্বাস ভ্যানচালক। বাড়ি ইউনিয়নের কাটাখালী গ্রামে। বাবা, স্ত্রী ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। জমিজিরাত বলতে চার কাঠা ভিটেবাড়ি। ১০ টাকা কেজি দরে বছরের পাঁচ মাস তিনি মাসে ৩০ কেজি করে চাল পান। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস বিরতির পর মার্চ মাসে পুনরায় চাল বিতরণ শুরু হয়েছে। কিন্তু তিনি মার্চ মাসের চাল পাননি। শুকুর আলী বলেন, ‘মার্চ মাসের ২৮ তারিখে চাল দেবে শুনে ডিলারের কাছে গিয়েছিলাম। কিন্তু আমাকে চাল দেননি।’
ডিলাররা জানান, চাল বিতরণের জন্য ইউনিয়নের তিনজন ডিলার রয়েছেন। গত ২৩ মার্চ দুজন এবং ২৭ ও ২৮ মার্চ একজন ডিলার চাল বিতরণ শুরু করেন। ৭১ জন উপকারভোগীকে চাল দেওয়ার পর তাঁরা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বাধার মুখে পড়েন। এরপর তাঁরা চাল বিতরণ বন্ধ করে দেন।
হরিদাসকাটি ইউনিয়নে চাল বিতরণ বন্ধ থাকার বিষয়টি আমি দুই-তিন দিন আগে জেনেছি। চেয়ারম্যান এটা করেছেন। এটা মোটেও ঠিক হয়নি।সৈয়দ জাকির হাসান, মনিরামপুর উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও ইউএনও
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, হরিদাসকাটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচিতে উপকারভোগী রয়েছেন ১ হাজার ৩৩৬ জন। এর মধ্যে সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে গত বছর ৫৮টি কার্ড সংশোধন করেন।
হরিদাসকাটি ইউপির সাবেক চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত বছর ২৮ নভেম্বরের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। চেয়ারম্যান হন ‘বিদ্রোহী’ প্রার্থী আলমগীর কবির। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিপদ ভঞ্জন পাঁড়ে ও আলমগীর কবিবের মধ্যে আগে থেকেই রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। বিপদ ভঞ্জন পাঁড়ে প্রথম আলোকে বলেন, ‘সঠিকভাবে যাচাই–বাছাই করে তালিকা তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে আরও যাচাই–বাছাই করে মৃত, চাকরিজীবী এবং ধনী—এই রকম ৫৮ জনকে তালিকা থেকে বাদ দিয়ে তালিকা সংশোধন করা হয়েছিল। কিন্তু আলমগীর কবির চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমার করা তালিকা থেকে নৌকার সমর্থক লোকজনকে বাদ দিয়ে তাঁর পছন্দের লোকদের নাম অন্তর্ভুক্ত করছেন।’