পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে পাবনার বেড়ায় সড়ক-মহাসড়ক ছেয়ে গেছে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাদের বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের জন্মদিন, এলাকায় আগমনসহ বিভিন্ন উপলক্ষেও শুভেচ্ছা জানিয়ে ব্যানার, পোস্টার টানানো হয়েছে। সড়কের মোড়ে টানানো এসব প্রচারণামূলক পোস্টারে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালকেরা।
সরেজমিনে দেখা গেছে, সবচেয়ে বেশি বিলবোর্ড, ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে কাশিনাথপুর ও বেড়া বাসস্ট্যান্ড এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কের সড়কদ্বীপে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ছয় থেকে সাত বছর আগে ওই দুটি স্থানে নিরাপত্তা ও সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে সড়কদ্বীপ নির্মাণ করেছিল। দুটি স্থানেই সড়ক ও মহাসড়কের চারটি অংশ গিয়ে মিলেছে।
পাবনার বেড়ায় ঢাকা-পাবনা মহাসড়কের দুটি সড়কদ্বীপ ছেয়ে গেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যানার, পোস্টারে।
কাশিনাথপুর বাসস্ট্যান্ডের সড়কদ্বীপের কাছে গিয়ে যানবাহনগুলোকে ঢাকা, পাবনা, কাজীরহাট ফেরিঘাট ও নগরবাড়ী নৌবন্দরের দিকে ঘুরে যেতে হয়। অন্যদিকে বেড়া বাসস্ট্যান্ডের সড়কদ্বীপের কাছে গিয়ে যানবাহনগুলো ঢাকা, পাবনা, মাধপুর ও বেড়া বাজার এলাকার দিকে ঘুরে যায়। ফলে সব সময়ই ওই স্থান দুটিতে যানবাহনের ভিড় লেগে থাকে।
বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সড়কদ্বীপের বিপরীত অংশ পরিষ্কার দেখে-বুঝে মোড় ঘোরার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু সড়কদ্বীপ পোস্টার, ব্যানারে ছেয়ে যাওয়ায় কিছুটা অনুমানের ভিত্তিতে ঝুঁকি নিয়ে মোড় ঘুরতে হয়।
সওজের পক্ষ থেকে প্রায় ছয় মাস আগে ওই দুটি স্থান থেকে ব্যানার, পোস্টার অপসারণ করা হয়েছিল। কিন্তু আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচন এবং আওয়ামী লীগের নানা কর্মসূচি ঘিরে সেখানে আবারও বিলবোর্ড, ব্যানার টানানো হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, বিলবোর্ড ও ব্যানারগুলো যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। ব্যানার, পোস্টার সরানো হয়েছিল। এখন আবারও লাগানো হয়েছে। সবাই সচেতন না হলে স্থায়ী সমাধান মিলবে না।