চালককে খুন করে অটোবাইক ছিনতাই, কাটা ছিল পায়ের রগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত সেলিম মিয়ার স্বজনদের আহাজারি। আজ সকালে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কালুকাটা গ্রামে।
ছবি: প্রথম আলো

পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্বৃত্তরা এক চালককে খুন করে তাঁর ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে গেছে। আজ সকাল নয়টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কালুকাটা গ্রামের ফসলের মাঠ থেকে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত চালকের নাম সেলিম মিয়া (২৮)। তাঁর বাড়ি আতাইকুলা থানার গোসাইপাড়া গ্রামে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছরের বেশি সময় ধরে সেলিম ব্যাটারিচালিত অটোবাইকে যাত্রী বহন করতেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি তাঁর অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি বাড়ির লোকদের জানান, কয়েকজন যাত্রী তাঁর অটোবাইকটি ভাড়া করেছে। রাত নয়টার দিকে তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাঁর মুঠোফোনে বারবার কল দিয়ে বন্ধ পান। একপর্যায়ে বাড়ির লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে তাঁর খোঁজখবর নিতে থাকেন।

আজ সকাল নয়টার দিকে কৃষকেরা কালুকাটা গ্রামের ফসলের মাঠে কাজ করতে গিয়ে সেলিমের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। এতে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নিহত সেলিমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর পায়ের রগও কাটা ছিল। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন ও অটোবাইকটি পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।